সন্ত্রাসবাদে ‘জিরো টলারেন্স’! ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে এক বড় ও কড়া পদক্ষেপ করল কেন্দ্র। পলাতক তথা বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (IRF)-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার মন্ত্রকের তরফে একটি সরকারি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কেন এই কড়া সিদ্ধান্ত? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট পর্যবেক্ষণ অনুযায়ী, এই প্রতিষ্ঠানটি দেশের নিরাপত্তার পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছে। এই সংস্থার নিরবচ্ছিন্ন দেশবিরোধী কাজকর্মের ফলে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষ কাঠামো মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আর সেই কারণেই ইউএপিএ (UAPA)-র কঠোর আইনের অধীনে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে পুনরায় ‘বেআইনি সংগঠন’ (Unlawful Association) হিসেবে ঘোষণা করা হয়েছে।
‘জিরো টলারেন্স’ নীতিতে অবিচল মোদী সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডেলে এই নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ এবং যেকোনো ধরনের দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি অত্যন্ত স্পষ্ট—অর্থাৎ ‘জিরো টলারেন্স’। সেই নীতিতেই সম্পূর্ণ অবিচল থেকে এই পদক্ষেপ করা হয়েছে। এর আগেও এই সংস্থার ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল, যার মেয়াদ শেষ হতেই তা আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো। দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার্থে সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।