হাসপাতালের মেঝেয় শুয়ে মহিলা রোগী, চাদরে ঢুকে যৌন হেনস্থার চেষ্টা! সটান চড় কষালেন রোগী, ধরা পড়ল সিসিটিভিতে

কর্নাটকের হাভেরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা রোগীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের মেঝেয় শুয়ে থাকা ওই মহিলার চাদরের ভেতরে ঢুকে এক যুবক অশ্লীলভাবে স্পর্শ করার চেষ্টা করে বলে অভিযোগ। গোটা ঘটনাটি ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

জানা গিয়েছে, হাভেরী জেলা হাসপাতালের মেঝেয় শয্যা পেয়েছিলেন ওই মহিলা রোগী এবং কম্বল ও চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন। অভিযোগ, রাত প্রায় ২টো নাগাদ এক যুবক ওয়ার্ডে ঢুকে ঘোরাফেরা করতে থাকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে একদিকে শুয়ে থাকা রোগীর কাছে যাওয়ার চেষ্টা করলেও সুবিধা করতে না পেরে সে বাঁ দিকে মেঝেয় শুয়ে থাকা ওই মহিলা রোগীর দিকে এগোয় এবং চাদর টেনে ভেতরে ঢুকে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করে।

হঠাৎ গায়ে হাত পড়ায় চমকে উঠে বসেন ওই মহিলা। পাশে যুবককে শুয়ে থাকতে দেখে তিনি উঠে দাঁড়ান এবং অভিযুক্তের গালে সটান থাপ্পড় কষিয়ে দেন। তাঁর চিৎকার-চেঁচামেচিতে আশপাশের অন্য রোগীরাও জেগে ওঠেন এবং কয়েকজন এগিয়ে আসেন। শুরু হয় বচসা ও হাতাহাতি। তবে সেই সুযোগেই হাত ছাড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত এক সপ্তাহে ওই হাসপাতাল থেকে অন্তত ১০টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মোবাইল চুরিগুলোর সঙ্গেও এই যুবক যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা এবং বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।