উড়ান বাতিল, তবু চলছে টিকিট বিক্রি! টাকা ফেরত নিয়ে নাকাল যাত্রীরা, বেকায়দায় স্পাইসজেট

তীব্র আর্থিক সংকটে জর্জরিত হয়ে পরপর ফ্লাইট বাতিল করছে বাজেট বিমান সংস্থা স্পাইসজেট (SpiceJet)। অথচ অভিযোগ উঠেছে, যে সমস্ত রুটে বিমান চলাচল কার্যত বন্ধ বা বাতিল করা হয়েছে, সেই ফ্লাইটগুলির টিকিটও অনলাইনে বিক্রি চালিয়ে যাওয়া হচ্ছে। একদিকে উড়ান বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে, অন্যদিকে বাতিল টিকিটের টাকা ফেরত পেতেও দীর্ঘদিন ধরে হিমশিম খেতে হচ্ছে বহু মানুষকে।

যাত্রী এবং বিমান চলাচল মহলের একাংশের অভিযোগ, স্পাইসজেটের ওয়েবসাইটে এমন অনেক বিমানের টিকিট বুকিংয়ের জন্য দেখানো হচ্ছে, যেগুলি নিয়মিত চলছেই না। উদাহরণ হিসেবে মুম্বই থেকে দুবাইগামী SG-5060 ফ্লাইটের কথা সামনে এসেছে। গত সাত দিন ধরে ওই বিমানটি চলেনি বলে দাবি করা হয়েছে, অথচ ২১ নভেম্বরও অনলাইনে ওই ফ্লাইটের টিকিট বিক্রির জন্য উপলব্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। বকেয়া অর্থ সংক্রান্ত জটিলতায় দুবাই বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও চেক-ইন পরিষেবায় সমস্যার জেরেই এই রুটে বিঘ্ন তৈরি হয়েছে বলে খবর। যদিও অনেক ক্ষেত্রে বুকিং সিস্টেমে সময়মতো সূচি আপডেট না হওয়ার কারণেও বাতিল হওয়া ফ্লাইটের টিকিট দেখা যেতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।

অন্যদিকে, ফ্লাইট বাতিল হওয়ার পর রিফান্ড নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। একাধিক যাত্রীর অভিযোগ, উড়ান বাতিল হওয়ার ২০ দিন কেটে গেলেও তাঁরা টাকা ফেরত পাননি। এমনকি কারও কারও দাবি, ২০২৭ সালের জানুয়ারিতে টাকা ফেরত দেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়েছে। অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুক করা যাত্রীদের সমস্যা আরও বেড়েছে—বিমান সংস্থা ও বুকিং প্ল্যাটফর্ম একে অপরের দিকে দায় ঠেলায় তাঁরা দিশেহারা হয়ে পড়ছেন বলে অভিযোগ।

শীতকালীন সূচিতে স্পাইসজেটের প্রতিদিন ৬৬টি ফ্লাইট চালানোর অনুমোদন থাকলেও বাস্তবে দৈনিক মাত্র ১০ থেকে ১৫টি বিমান চলছে বলে জানা গিয়েছে। বকেয়া পাওনা, নিয়ম লঙ্ঘন এবং লাগাতার ফ্লাইট বাতিলের ঘটনায় ইতিমধ্যেই সংস্থাকে শোকজ নোটিস পাঠিয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এবং জবাব দেওয়ার জন্য সাত দিন সময় দিয়েছে। সার্বিক এই অচলাবস্থার মধ্যে স্পাইসজেটের পরিষেবা ও জবাবদিহি নিয়ে জোরদার প্রশ্ন উঠতে শুরু করেছে।