হায়দ্রাবাদে বিশ্ব রাজনীতির মেগা আসর! ৭০টি দেশ নিয়ে বড় ধাক্কা দিতে আসছে কংগ্রেস, থাকছেন রাহুল গান্ধী

বিশ্ব রাজনীতিতে চলমান পরিবর্তনের মাঝেই এক বিশাল আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চলেছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার। আগামী ১৩ ও ১৪ নভেম্বর রাজধানী হায়দ্রাবাদে বসছে বহুচর্চিত ‘ইন্ডিয়া সামিট’ (India Summit)-এর আসর। রাজ্যের কংগ্রেস সরকারের এই উদ্যোগে বিশ্বের প্রায় ৭০টি দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিনিধি ও নীতিনির্ধারক অংশগ্রহণ করছেন। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ঘৃণা ও বিভাজনের রাজনীতি মোকাবিলায় এই সম্মেলন এক নতুন দিকদর্শন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শীর্ষ সম্মেলনের মূল আকর্ষণ ও কর্মসূচী দলের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের চেয়ারম্যান সালমান খুরশিদ, তেলেঙ্গানা কংগ্রেস সরকারের মন্ত্রী শ্রীধর বাবু, রাজ্য সভাপতি মহেশ কুমার গৌড় এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য গুরদীপ সাপ্পাল এক যৌথ প্রেসবার্তায় এই সম্মেলনের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ জানান, বর্তমান বিশ্ব রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক সন্ধিক্ষণে এই আন্তর্জাতিক সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সম্মেলনের শেষ দিন অর্থাৎ ১৪ নভেম্বর, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।
১২টি আন্তর্জাতিক এবং ৮টি রাজ্যভিত্তিক অধিবেশন হায়দ্রাবাদের এই দুদিনের মেগা সামিটে মোট ১২টি আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। যেখানে ভূ-রাজনৈতিক সমীকরণ, নতুন বিশ্ব ব্যবস্থা, সামাজিক প্রতিবন্ধকতা, জলবায়ু পরিবর্তন, গণমাধ্যমের ভূমিকা এবং আন্তর্জাতিক সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতার মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, তেলেঙ্গানাকে কেন্দ্র করে থাকছে আরও আটটি বিশেষ অধিবেশন। ভবিষ্যৎ শহর ও নগরায়ণ, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার, জনকল্যাণমূলক নীতি, সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং নির্বাচনী নিরপেক্ষতার মতো বিষয়গুলিও এই তালিকায় স্থান পেয়েছে। উল্লেখ্য, এই ইন্ডিয়া সামিটের ঠিক পরেই আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজ্যে আরও একটি মেগা ইভেন্ট—‘ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট’ অনুষ্ঠিত হতে চলেছে।
কেন এই সম্মেলনের ভাবনা? কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ১৫ বছর ধরে বিশ্বজুড়ে এবং ভারতে ঘৃণা ও বিভাজনমূলক রাজনীতির প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করছে। বিশ্বজুড়ে উদারপন্থী ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এই চ্যালেঞ্জ প্রকাশ্যে স্বীকার করছে।
গুরদীপ সাপ্পাল জানান, বিশ্ব রাজনীতির এই পরিবর্তনশীল প্রকৃতি এবং বড় আইটি সংস্থাগুলির ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার একটি কার্যকরী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠার ধারণা প্রথম মাথাচাড়া দিয়েছিল গত বছর রাহুল গান্ধীর বার্লিন সফরের সময়। সেই ভাবনারই সফল রূপায়ণ ঘটতে চলেছে হায়দ্রাবাদের এই ঐতিহাসিক সম্মেলনে, যেখানে বিশ্বের ৭০টি শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক সরাসরি অংশ নিচ্ছে। আন্তর্জাতিক আঙিনায় কংগ্রেসের এই মাস্টারস্ট্রোক ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।