‘হনুমান অংশ’-এর ইতিহাস গড়ার পর নতুন ধামাকা! গোস্বামী তুলসীদাসের জীবন নিয়ে আসছে ‘রামবোলা’

বক্স অফিসে ইতিহাস গড়ার পর এবার ভারতীয় পৌরাণিক ও সামাজিক সিনেমার প্রেক্ষাপট বদলে দিতে নতুন ধামাকা নিয়ে আসছেন খ্যাতনামা পরিচালক বিশাল চতুর্বেদী। নিম করোলি বাবার জীবনের গল্প নিয়ে তৈরি তাঁর ছবি ‘হনুমান অংশ’-এর বক্স অফিস কাঁপানো সাফল্যের মাঝেই গণেশ চতুর্থীর শুভ লগ্নে তিনি ঘোষণা করলেন তাঁর পরবর্তী বিগ-বাজেট প্রজেক্টের। মহান কবি ও সাধক গোস্বামী তুলসীদাসের জীবনকাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া এই বিশেষ ছবিটির নাম রাখা হয়েছে ‘রামবোলা’।
বাপ্পার আশীর্বাদে নতুন যাত্রার সূচনা
গণেশ চতুর্থীর দিন মহাবীর জৈন ফিল্মস ও বিশাল চতুর্বেদী যৌথভাবে সোশাল মিডিয়ায় এই নতুন সিনেমার নাম ও ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করেন। মহাবীর জৈন, বিশাল চতুর্বেদী, অমিত উপাধ্যায় এবং রঘুবেন্দ্র সিং যৌথভাবে ছবিটি প্রযোজনা করছেন। ‘হনুমান অংশ’-এর মতোই ‘রামবোলা’ ছবিটিরও মূল কাহিনী রচনা ও পরিচালনার দায়িত্ব সামলাবেন বিশাল চতুর্বেদী নিজেই।
অনলাইন পোস্টে নির্মাতারা লেখেন, “এই বিশেষ দিনে, শ্রী গণপতির আশীর্বাদে পরম বিনয় ও গভীর কৃতজ্ঞতার সাথে আমরা শ্রীরামচরিতমানসের রচয়িতা গোস্বামী তুলসীদাসের অমর কাহিনী ‘রামবোলা’ ঘোষণা করছি।”
বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর অবিশ্বাস্য রেকর্ড
হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে ‘হনুমান অংশ’ ইতিমধ্যেই একটি মাইলফলক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মাত্র ১০ লক্ষ টাকার সামান্য ওপেনিং দিয়ে যাত্রা শুরু করলেও, ছবিটির শক্তিশালী বিষয়বস্তুর জোরে ষষ্ঠ রবিবারে গিয়ে এটি একদিনেই রেকর্ড ২২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে!
বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি ইতিমধ্যেই ২৬৮ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে এবং এখনও প্রেক্ষাগৃহে দর্শক সমাগম অব্যাহত রয়েছে।
কে ছিলেন গোস্বামী তুলসীদাস?
ষোড়শ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি ও সাধক গোস্বামী তুলসীদাস, যিনি সাধারণ মানুষের ভাষায় ‘রামচরিতমানস’ রচনা করে ঘরে ঘরে শ্রীরামের বার্তা পৌঁছে দিয়েছিলেন। তুলসীদাসের শৈশবের নাম ছিল ‘রামবোলা’। তাঁর আধ্যাত্মিক রূপান্তর এবং জীবনের অজানা অধ্যায়গুলোকেই সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ভারতীয় সংস্কৃতি ও সিনেমার ভক্তদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে চলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।