স্পিকারের সামনেই বিস্ফোরক বার্তা! দুই বিজেপি বিধায়কের শপথে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এমন কোন মন্তব্যে কাঁপল বিধানসভা

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী দুই বিজেপি বিধায়ক হাসিরানি রথ এবং শাখারভ সরকার শেষমেশ বিধানসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। বুধবার বেলা ১১টায় রাজ্য বিধানসভায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। শপথগ্রহণ পর্বে সশরীরে উপস্থিত থেকে দুই নবনির্বাচিত বিধায়ককে অভিনন্দন ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি রেজিনগরে শাখারভ সরকারের ৭৫ হাজার ভোটের বিশাল ব্যবধানের জয়কে সরকারের ওপর সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তুলে ধরেন। কড়া সুরে তিনি বলেন, “এ তো সবে ব্রেকফাস্ট হচ্ছে। যা দেখছেন, তা সকালের চা-বিস্কুট। মূল লাঞ্চ কিন্তু এখনও বাকি রয়েছে, দেখতে থাকুন।” বিরোধী শিবিরের সাম্প্রদায়িকতার অভিযোগ উড়িয়ে তিনি আরও স্পষ্ট জানান যে, হিন্দুত্ব ও সনাতন ধর্মে বিশ্বাস রাখলেও প্রশাসনিক কার্য পরিচালনায় রাজ্যবাসীর অগ্রাধিকারকেই তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দেন।
তবে এদিনের সবচেয়ে আকর্ষনীয় বিষয় ছিল দুই বিজেপি বিধায়কের শপথ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলির নজরকাড়া উপস্থিতি। যেখানে উপনির্বাচনের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে এই ভোটকে ‘ধাপ্পা’ বলে উড়িয়ে দিয়েছিলেন, সেখানে এই অনুষ্ঠানেই হাজির ছিলেন কালিঘাট তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা অশোক দেব। একই সঙ্গে কংগ্রেসের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তৃণমূলের এই অবস্থান বদল এবং বিজেপি বিধায়কদের স্বাগত জানানো নিয়ে বর্তমানে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা।