সোনার দামে বড়সড় ধাক্কা! আকাশছোঁয়া দর ছাড়াল দেড় লক্ষের গণ্ডি, মধ্যবিত্তের মাথায় হাত

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘে বিশ্ববাণিজ্য যখন টালমাটাল, তখন সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সোনার ঊর্ধ্বমুখী দাম। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার পাশাপাশি এবার পাল্লা দিয়ে বাড়ছে সোনাও। শুক্রবার বাজার খুলতেই দেখা গেল, মধ্যবিত্তের স্বস্তির বদলে রীতিমতো অস্বস্তি বাড়িয়ে গয়না ও পাকা সোনা—উভয়ের দামই অনেকটা বেড়ে গিয়েছে।
সবচেয়ে বড় চমক দেখা দিয়েছে ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে। ১০ গ্রাম সোনার দাম ১,৯৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৩০ টাকায়। একইভাবে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৮০০ টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩৫০ টাকা। ১৮ ক্যারেট সোনাও পিছিয়ে নেই, যার দাম ১,৪৭০ টাকা বেড়ে ১ লক্ষ ১৩ হাজার ২০০ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের শুরুতে বিনিয়োগকারীরা সোনা থেকে মুখ ফিরিয়ে নিলেও মুদ্রাস্ফীতির আশঙ্কায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তবে সোনার দাম বাড়লেও গত ২৪ ঘণ্টায় রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি; এক কেজি রুপোর বাটের দাম ২.৫ লক্ষ টাকাই রয়েছে।