সাদা বরফের চাদরে ঢাকল রাস্তাঘাট! প্রবল ঝড়ে তছনছ মালদার একাধিক এলাকা, মাথায় হাত চাষিদের

পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হঠাৎ করেই নেমে এল প্রকৃতির এক ভয়াবহ ও রুদ্ররূপ। বুধবার বিকেলে আবহাওয়ার নাটকীয় পরিবর্তনের জেরে হবিবপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় তীব্র ঝড়ের সঙ্গে আছড়ে পড়ল চরম অকাল শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যে আকাশ কালো করে নেমে আসা এই ঝঞ্ঝার জেরে গোটা এলাকা যেন সাদা বরফের চাদরে ঢেকে যায়। বৈদ্যপুর ও জাজইল-সহ পার্শ্ববর্তী একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় এই আচমকা তাণ্ডবে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বেগে বয়ে যাওয়া হাওয়া এবং শিলার আঘাতে গ্রামীণ জনজীবন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়।
এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে স্থানীয় কৃষিকাজে। মাঠে যখন ধান পাকার সময়, ঠিক সেই মুহূর্তে এই ভারী শিলাবৃষ্টির কারণে বিঘের পর বিঘে জমির ধানচাষ সম্পূর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ, কারণ সর্বস্ব বিনিয়োগ করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। কীভাবে এই বিশাল ক্ষয়ক্ষতি সামাল দেবেন, তা ভেবে দিশাহারা চাষিরা।
শুধু কৃষিক্ষেত্রই নয়, প্রকৃতির এই তণ্ডবলীলা থেকে বাদ পড়েনি মালদহের ঐতিহ্যবাহী মানিকোড়া কালীমেলাও। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু বুধবারের ভয়াবহ ঝড়ে মেলার মূল প্রবেশদ্বারের অন্তত চারটি সুদৃশ্য এবং বিশাল লাইটিং গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে মেলার যাতায়াতের রাস্তাগুলি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে মেলায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থীরা মারাত্মক বিপাকে পড়েন। অনেককে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু জায়গায় গাছপালা উপড়ে পড়েছে এবং কাঁচা ঘরের ছাউনি উড়ে গিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা পরিষ্কার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে, তবুও সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা ও ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।