সাজা এড়াতে নয়, ডিসেম্বরেই ঢাকায় ল্যান্ড করবেন? অবশেষে ট্রাম্প কার্ড খেললেন শেখ হাসিনা!

দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশে ফিরতে নতুন করে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছেন। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি দিল্লির বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। যুক্তরাজ্যের বিখ্যাত ল’ ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে এই আবেদনপত্রটি পাঠানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও অন্যান্য মাধ্যমে খবরটি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
স্ক্যান করা নথিপত্র অনুযায়ী, দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে শেখ হাসিনার সমস্ত বৈধ নথিপত্র অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বাংলাদেশি নাগরিকত্বের মৌলিক অধিকারের ভিত্তিতে তাঁকে অবিলম্বে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর আইনি প্রতিনিধিরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত এবং সাংগঠনিক সম্পাদক এস এম কামাল জানিয়েছেন, শেখ হাসিনা এই বয়সে সবরকম ঝুঁকি নিয়েই ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সেটিরই প্রথম প্রশাসনিক ধাপ হিসেবে এই আবেদন।
অন্যদিকে, শেখ হাসিনার এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার। এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, “শেখ হাসিনা কি শ্বশুরবাড়িতে বেড়াতে আসবেন যে তাঁকে নতুন পাসপোর্ট দিতে হবে? অপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত আনতে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না।” ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, প্রতিষ্ঠিত বিচারিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে চাপ দিয়ে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে ৪৫৩টি হত্যা মামলাসহ সাড়ে ছয়শোর বেশি মামলা দায়ের করা হয় এবং একটি বিশেষ ট্রাইব্যুনালে তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশও রয়েছে। রাজনৈতিক প্রতিকূলতা ও গ্রেপ্তারির হুমকি সত্ত্বেও শেখ হাসিনার দেশে ফেরার এই মরিয়া চেষ্টা ঢাকার রাজনীতিতে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে।