রাত ১২টা পেরিয়েও কানের কাছে ফাাটছে বাজি! কালীপুজোর রাতে আইনের তোয়াক্কা না করে তাণ্ডব শহর জুড়ে

কালীপুজোর রাতে আলোর আনন্দের আড়ালে ফের প্রকাশ্যে এলো শব্দবাজির তাণ্ডব। চোরবাগানের অপ্রীতিকর ঘটনার পর এবং কালীপুজোর প্রাক্কালে কলকাতা পুলিশের তরফ থেকে মণ্ডপ সজ্জা, জননিরাপত্তা এবং বাজি পোড়ানো নিয়ে একাধিক কড়া নিয়মবিধি জারি করা হয়েছিল। আদালতের নির্দেশানুযায়ী পরিবেশবান্ধব বাজি পোড়ানোর জন্য রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সমস্ত আইনি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত শহর ও শহরতলিতে চলল দেদার শব্দবাজির দৌরাত্ম্য।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ বাজির বিকট শব্দে নাজেহাল হয়ে পড়েন সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিরা। মানুষের পাশাপাশি এই শব্দতাণ্ডবে ভয়াবহ বিপদের মুখে পড়ে রাস্তার পশুপাখিরা। আতঙ্কে দিশেহারা হয়ে পথকুকুরদের ছোটাছুটি করা এবং বহু পাখির মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু সাধারণ নাগরিক, সমাজকর্মী ও বিনোদন জগতের তারকারা। প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর বাজির উপদ্রব নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যদিও পরে তিনি পোস্টটি মুছে নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি অভিযানের অভাব ছিল না। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়সীমা ভেঙে বাজি ফাটানোর অভিযোগে ৯৫ জন এবং অভব্য আচরণের অভিযোগে ২৪৬ জনসহ মোট ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে ১৩১ কেজি নিষিদ্ধ শব্দবাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এত গ্রেপ্তার ও প্রশাসনিক করা পদক্ষেপের পরেও ঘড়ির কাঁটা ১২টা পার করার পরও কানফাটা বাজির শব্দ কেন থামানো গেল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ তিলোত্তমাবাসী।