সরকারি চাকরির বড় সুযোগ! অসমে পশু চিকিৎসাকেন্দ্রে ২০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য এক সোনালী সুযোগ নিয়ে এল অসম সরকার। যারা দীর্ঘদিন ধরে শূন্যপদ প্রকাশ পাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন, তাদের জন্য খুশির খবর। অসম সরকারের পশুপালন ও ভেটেরিনারি (পশুচিকিৎসা) বিভাগের পক্ষ থেকে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (VFA) এবং সমগোত্রীয় বিভিন্ন ক্যাডারে মোট ২০০টি শূন্যপদে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের নিয়োগের জন্য একটি বিশদ অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই শূন্যপদগুলিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই পদে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তারা অসম সরকারের পশুপালন ও ভেটেরিনারি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে যে, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে সরাসরি নিয়োগের জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স স্ট্রিম বা বিজ্ঞান বিভাগে ফুল-টাইম এইচএসএসএলসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে আবশ্যিক বিষয় হিসেবে বায়োলজি বা জীববিজ্ঞান থাকতে হবে।

আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর ধার্য করা হয়েছে। ১ জানুয়ারি, ২০২৬-এর তারিখটিকে ভিত্তি ধরে এই বয়স গণনা করা হবে। পাশাপাশি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়াটি বেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। প্রথমে আবেদনপত্রগুলির পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি বা যাচাইকরণ করা হবে, এরপর ওএমআর (OMR) ভিত্তিক লিখিত পরীক্ষা এবং সবশেষে মূল নথিপত্র যাচাই করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৪,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে ৬,২০০ টাকা গ্রেড পে পাবেন। এ ছাড়াও নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও বিভিন্ন ধরনের ভাতাও প্রদান করা হবে।

আবেদনকারীদের একটি বিশেষ বিষয়ের প্রতি নজর রাখতে হবে—নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে ‘স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি, অসম, ঘুঙ্গুর, শিলচর’ এবং পশুপালন ও ভেটেরিনারি বিভাগের অন্যান্য নির্ধারিত ক্যাম্পাসে পশুপালন ও ভেটেরিনারি সায়েম্বের ওপর এক বছরের একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে এবং চাকরিতে যোগদানের আগে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।