‘সব শর্ত ভুলে এক টেবিলে বসুন!’ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোড়া প্রস্তাব খারিজ করে বিস্ফোরক বিরোধী নেতা

ইজরায়েলের রাজনীতিতে চরম নাটকীয়তা অব্যাহত। দেশের সামনে ঘনিয়ে আসা নিরাপত্তা সংকট এবং প্রধান শত্রু ইরানের পরমাণু হুমকি মোকাবিলা করতে শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি শক্তিশালী জোট সরকার গঠনের ডাক দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কোনো রকম পূর্বশর্ত ছাড়াই বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরাসরি আলোচনায় বসার আর্জি জানিয়েছেন তিনি। তবে নেতানিয়াহুর এই আহ্বানকে স্রেফ একটি রাজনৈতিক চাল বলে উড়িয়ে দিয়েছেন বিরোধী শিবির।
শনিবার এক ভিডিও বার্তার মাধ্যমে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবাদের সমর্থক বা সংখ্যালঘু দলগুলির উপর নির্ভর করে দেশের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জগুলির মোকাবিলা করা সম্ভব নয়। ইহুদি রাষ্ট্র হিসেবে ইজরায়েলের অস্তিত্ব রক্ষায় সমস্ত মতভেদ ভুলে এক হওয়ার সময় এসেছে। আইডিএফ-এর প্রাক্তন চিফ অফ স্টাফ তথা ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতানিয়াহু বলেন, সমস্ত রাজনৈতিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের সুরক্ষায় একসঙ্গে কাজ করা উচিত।
বিশেষ করে ইরানের বিরুদ্ধে জোরালো হুঙ্কার দিয়ে নেতানিয়াহু জানান, তেহরান ফের তাদের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া জোরদার করার চেষ্টা চালাচ্ছে। সময়মতো কঠোর পদক্ষেপ না নিলে তা ইজরায়েলের অস্তিত্বের পক্ষে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই বিশাল সংকট এড়াতে শুধুমাত্র জাতীয় ঐক্যের সরকারই দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে দাবি করেন তিনি।
তবে নেতানিয়াহুর এই প্রস্তাব একপ্রকার প্রত্যাখান করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, গণমাধ্যমের সামনে হঠাৎ করে এই আলোচনার ডাক দেওয়া আসলে নেতানিয়াহুর আরেকটি রাজনৈতিক কৌশল মাত্র। বৈঠকের সূচি আগেই নির্ধারিত ছিল তা জেনেই প্রধানমন্ত্রী এই নাটক করছেন বলে অভিযোগ করেন তিনি। আইজেনকোট সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর নেতৃত্বে সরকার গঠনের রাস্তা খোলা থাকলেও, লিকুদ পার্টিকে চরমপন্থী শক্তিগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।
উল্লেখ্য, গত মাসের সংসদীয় নির্বাচনে নেতানিয়াহুর জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পরেই এই রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে আহ্বান জানান। এর মধ্যেই রিলিজিয়াস জিয়োনিজম পার্টির চেয়ারম্যান বেজালেল স্মোট্রিচ নেতানিয়াহুর এই ঐক্যের আহ্বানকে সমর্থন জানিয়ে আইজেনকোটকে ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ করেছেন। দেশের এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।