‘এটা শুধু অধিকার নয়, এক বড় দায়িত্ব’, অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে দাঁড়িয়ে বড় ঘোষণা ললিত মোদির!

২০১০ সালে ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রতিষ্ঠাতা ললিত মোদি। দীর্ঘ ১৬ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করলেন তিনি। গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবরটি প্রকাশ্যে এনেছেন ললিত মোদি।
জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখার সময় তিনি নিজের নাগরিকত্বের বিষয়টি প্রথমবার সর্বসমক্ষে ঘোষণা করেন। ললিত মোদি জানান, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন। জীবনের এই মুহূর্তটিকে অত্যন্ত ব্যক্তিগত এবং গর্বের বলে অভিহিত করেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ললিত মোদি লেখেন, দীর্ঘ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করার ফলে এখানকার মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা তৈরি হয়েছে। তাঁর মতে, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া কেবল একটি বিশেষ অধিকার নয়, বরং এটি একটি বড় দায়িত্বও বটে। গর্ব, কৃতজ্ঞতা এবং আপন করে নেওয়ার অনুভূতি নিয়েই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। যে দেশটিকে তিনি এখন নিজের ঘর বলে মনে করেন, আগামী দিনে সেই দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
অক্সফোর্ড ইউনিয়নের মঞ্চে দাঁড়িয়ে ললিত মোদি আরও জানান, জীবনের বিভিন্ন পর্যায়ে নানা সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর পথচলা, যা তাঁকে নতুন করে গড়ে তুলেছে। অক্সফোর্ড ইউনিয়নের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে এই ঘোষণা করতে পারা তাঁর কাছে চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি। এই বিশেষ মুহূর্তে পাশে থাকার জন্য পরিবার, বন্ধুবান্ধব এবং অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন এই ক্রিকেট প্রশাসক।
ললিত মোদির কাছে এই ঘোষণার দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ এটি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের সঙ্গে মিলে গিয়েছে। ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিজের পোস্টের শেষে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের পঙক্তি ‘গড সেভ দ্য কিং’ (God Save The King!) লিখেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১০ সালে আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগে ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থা ললিত মোদির বিরুদ্ধে তদন্ত শুরু করলে এবং কোটি কোটি টাকা জরিমানা করা হলে তিনি দেশ ছাড়েন। যদিও বরাবরই তাঁর দাবি ছিল, আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে নয়, বরং রাজনৈতিক চাপের মুখে পড়েই তিনি লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে নিজের জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করলেন ললিত মোদি।