‘সবুজ বিপ্লবকেও হারিয়ে দিল মোদী সরকার!’ কৃষিতে রেকর্ড বৃদ্ধির দাবি শিবরাজের, কী ভাবে বদলাল খেলা?

সবুজ বিপ্লবের স্বর্ণযুগকেও ছাপিয়ে গিয়েছে গত ১০ বছরে দেশের কৃষিক্ষেত্রের বিকাশ! ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ‘কিসান তক’ আয়োজিত ‘ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ যোগ দিয়ে এমনই এক বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ দাবি করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলনে যুক্ত হয়ে তিনি জানান, এক সময় সবুজ বিপ্লবের সময় ভারতের কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার যেখানে ছিল প্রায় ৩ শতাংশ, গত এক দশকে তা একলাফে বেড়ে হয়েছে ৪.৩ শতাংশ— যা প্রায় ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি।

মায়ের প্রয়াণের কারণে পারিবারিক দায়িত্ব পালনের জন্য কৃষিমন্ত্রী দিল্লিতে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিজিটাল কৃষি থেকে শুরু করে কৃষকদের আয়— একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন তিনি।

আমদানীকারী থেকে বিশ্ব-রপ্তানিকারক

ভারতের খাদ্যনিরাপত্তা ও কৃষি ব্যবস্থার অভাবনীয় রূপান্তরের কথা তুলে ধরে শিবরাজ সিং চৌহান বলেন, “খাদ্যশস্য উৎপাদনে ভারত আজ সম্পূর্ণ স্বনির্ভর। যে দেশ একসময় চাল ও গম আমদানি করত, সেই ভারতই আজ বিশ্বে এই দুই শস্য রপ্তানি করছে। ফল ও সবজি উৎপাদনেও বিশ্বমঞ্চে ভারতের শক্তি বেড়েছে।” তবে ডাল ও তৈলবীজ উৎপাদনে এখনও কিছুটা ঘাটতি রয়েছে স্বীকার করে মন্ত্রী জানান, এই দুটি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন করাই এখন সরকারের আগামী লক্ষ্য।

কৃষকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “১৪০ কোটি দেশবাসীর খাদ্য ও পুষ্টির জোগান দেওয়ার পাশাপাশি কৃষকদের মানোন্নয়নই আমাদের আসল উদ্দেশ্য। কৃষক শুধু অন্নদাতা নন, তাঁরা জীবনদাতাও।”

আমদানি-রপ্তানি নীতি ও মধ্যস্বত্বভোগীদের দাপট

কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারের আমদানি-রপ্তানি নীতির দরুন কৃষকেরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সরকার সচেতন বলে জানান মন্ত্রী। তাঁর কথায়, উৎপাদক (কৃষক) ও ক্রেতা (সাধারণ মানুষ)— দুজনের স্বার্থের সামঞ্জস্য বজায় রাখাই কেন্দ্রের মূল কাজ। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান এবং সাধারণ মানুষ যাতে সাশ্রয়ে কেনাকাটা করতে পারেন, সেই ভারসাম্য ধরে রাখতেই প্রয়োজনবোধে শুল্ক কাঠামোর পরিবর্তন করা হয়।

একই সঙ্গে হাটে-বাজারে ফসলের মূল্যের বিপুল ফারাক নিয়ে মধ্যস্বত্বভোগী বা দালালদের দিকেই আঙুল তোলেন কৃষিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কৃষকের পাওয়ার মূল্য এবং ক্রেতার কেনা মূল্যের এই বড় ব্যবধান কমাতে সরকার উপায় খুঁজছে এবং এ বিষয়ে কৃষকদের কাছ থেকেই সরাসরি পরামর্শ চাওয়া হচ্ছে।

কৃষকদের আয় দ্বিগুণ প্রসঙ্গ ও সরকারি সহায়তা

কৃষকদের আয় দ্বিগুণ হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান জানান, ২০১৮ সালের তথ্যের ভিত্তিতে পুরনো কথা না বলে বর্তমানে আয়ের বাস্তব পরিস্থিতি দেখতে নতুন সমীক্ষা চালানো হচ্ছে। তিনি স্বীকার করেন, প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়ার খামখেয়ালিপনা বা প্রযুক্তি ব্যবহারের পার্থক্যের কারণে সবার আয় এক হারে বাড়েনি। কিন্তু দেশে এমন বহু কৃষক আছেন যাঁদের আয় দ্বিগুণ তো বটেই, তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়েছে।

প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে ফসল বিমা যোজনার সাফল্য তুলে ধরে তিনি জানান:

  • ফসল বিমা যোজনা: এ যাবৎ কৃষকদের ২.০৯ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

  • পিএম-কিষান (PM-Kisan): সরকারি অনুদান হিসেবে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে প্রায় ৪.৬৬ লক্ষ কোটি টাকা।

কৃষিমন্ত্রীর সাফ কথা, “ভারতকে আমরা বিশ্বের শস্যভাণ্ডারে পরিণত করতে চাই।”

১১ কোটি কৃষক পেলেন ‘ডিজিটাল ফার্মার আইডি’

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে বিপ্লব আনতে কেন্দ্রীয় সরকারের ‘ডিজিটাল এগ্রিকালচার মিট’-এর সাফল্যও তুলে ধরেন তিনি। ইতিমধ্যেই দেশে ১১ কোটিরও বেশি কৃষককে ‘ফার্মার আইডি’ দেওয়া হয়েছে।

এই ডিজিটাল কার্ড বা আইডির সুবিধা কী? মন্ত্রী জানান, এর ফলে কৃষকদের সরকারি দপ্তরগুলোতে কাগজের নথি নিয়ে বারবার দৌড়াদৌড়ি করতে হবে না। একটি মাত্র ডিজিটাল আইডির মাধ্যমেই ব্যাংক ঋণ, ফসল বিমার আবেদন, দুর্যোগের ক্ষতিপূরণ এবং অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি ও দ্রুত পাওয়া যাবে।