শুটিংয়ের মাঝেই মর্মান্তিক পরিণতি! গ্যাংটকে খাদে গাড়ি উল্টে প্রাণ হারালেন টলিউডের জনপ্রিয় লাইটবয় পিন্টু মণ্ডল

শুটিং করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো টলিউডের এক অভিজ্ঞ কলাকুশলীকে। গ্যাংটকে একটি হিন্দি সিনেমার শুটিং চলাকালীন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হলেন কলকাতার লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ।

জানা গিয়েছে, মুম্বইয়ের নামী প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের আসন্ন ছবি ‘মিশন মির্চি’র শুটিংয়ের কাজে সিকিমে গিয়েছিলেন পিন্টু বাবু। কুণাল দেশমুখ পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বিজয় বর্মা এবং জয়দীপ আহলাওয়াত। কলকাতার ‘লাইট অ্যান্ড লাইট’ সংস্থার অধীনে লাইট বিভাগের টেকনিশিয়ান হিসেবে ওই ছবির শুটিংয়ে যোগ দিয়েছিলেন পিন্টু মণ্ডল।

প্রশাসনিক ও ইউনিট সূত্রে খবর, গত ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও তার সংলগ্ন এলাকায় ওই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু শিডিউলের দ্বিতীয় দিন অর্থাৎ গত ১৬ নভেম্বর শুটিং লোকেশন পরিবর্তনের সময় ঘটে যায় মারাত্মক বিপত্তি। লাইট ডিপার্টমেন্টের কর্মীদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে যায়।

এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হন পিন্টু মণ্ডল। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গ্যাংটকের এসটিএনএম (STNM) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে প্রায় একদিন লড়াই চালাবার পর ১৭ নভেম্বর সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাজের সূত্রে ভিনরাজ্যে গিয়ে এমন এক মর্মান্তিক দুর্ঘটনায় এক কর্মঠ কলাকুশলীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার ও সহকর্মীরা।

Pratik Saha
  • Pratik Saha