সিনেমাহল নাকি সাক্ষাৎ মন্দির! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ চলাকালীন হলের অন্দরে বড় নিষেধাজ্ঞা এসভিএফ-এর

সাধারণ বিনোদনের গণ্ডি পেরিয়ে সিনেমা যখন আক্ষরিক অর্থেই ভক্তি ও বিশ্বাসের সঙ্গে মিশে যায়, তখন দর্শকদের আবেগকেও সম্মান জানাতে হয়। বহুপ্রতীক্ষিত এবং মেগা বাজেট ছবি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড’ (Ramayana: Rise of a Legend) প্রেক্ষাগৃহে আসার আগেই এক অভিনব ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কলকাতার প্রথম সারির মাল্টিপ্লেক্স চেন ‘এসভিএফ সিনেমাস’ (SVF Cinemas)। সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই ছবি চলাকালীন প্রেক্ষাগৃহের অন্দরে সম্পূর্ণরূপে কেবল নিরামিষ খাবারই পরিবেশন করা হবে।
কেন এই বিশেষ সিদ্ধান্ত? সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসভিএফ সিনেমাসের এক মুখপাত্র জানিয়েছেন, হিন্দু মহাকাব্য রামায়ণের প্রতি সাধারণ মানুষের অগাধ ভক্তি ও শ্রদ্ধাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এসভিএফ-এর মোট ৩০টি মাল্টিপ্লেক্স রয়েছে। সংস্থার বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, “কিছু ছবি নিছক সিনেমার চেয়েও অনেক বড়। ‘রামায়ণ’ চলাকালীন পর্দায় যখন হনুমান চালিশা বাজবে, তখন গোটা প্রেক্ষাগৃহটাই যেন একটি মন্দিরে পরিণত হয়। আমরা নিজেরাও সেই পবিত্র আবেগ অনুভব করি।”
কর্তৃপক্ষ স্মরণ করিয়ে দিয়েছেন যে, এর আগে ২০২৪ সালে অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রদর্শনের সময় বহু দর্শক ভক্তিভরে প্রেক্ষাগৃহের বাইরে জুতো খুলে রেখে হলে প্রবেশ করেছিলেন। এমনকি ‘হনুমান অংশ’ ছবির স্ক্রিনিংয়ের সময়ও দর্শকদের পক্ষ থেকে হলের ভেতরে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের জোরালো অনুরোধ এসেছিল। সেই জনমত ও দর্শকদের আবেগকে সর্বাগ্রে স্থান দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংস্থার কথায়, রামায়ণের স্ক্রিনিং চলাকালীন হলের ভেতরে এই নিরামিষ পরিবেশনের মাধ্যমে দর্শকদের বিশ্বাসের প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হচ্ছে, যাতে প্রতিটি দর্শক নির্দ্বিধায় ও পূর্ণ ভক্তিভরে ছবিটি উপভোগ করতে পারেন।
অন্যান্য ছবির ক্ষেত্রে কী নিয়ম থাকবে? এসভিএফ কর্তৃপক্ষের তরফে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই কড়া নিয়ম শুধুমাত্র ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড’ ছবির প্রদর্শনীর ক্ষেত্রেই প্রযোজ্য। মাল্টিপ্লেক্সের বাইরের ফুড কাউন্টারগুলিতে আগের মতোই আমিষ ও নিরামিষ— সব ধরনের খাবার এবং পানীয় মিলবে। পাশাপাশি, অন্যান্য সমস্ত সাধারণ সিনেমার ক্ষেত্রে হলের ভেতরেও আগের মতো স্বাভাবিক নিয়মেই খাবার পরিবেশন করা হবে। কর্তৃপক্ষের বার্তা, তাঁদের প্রেক্ষাগৃহ সব শ্রেণির দর্শকের জন্যই উন্মুক্ত এবং প্রতিটি অতিথিকেই সেখানে সাদরে আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, পরিচালক নীতেশ তিওয়ারির পরিচালনায় এবং যশ ও নমিত মালহোত্রার যৌথ প্রযোজনায় তৈরি এই মেগা প্রজেক্টটি ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্র মহলে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, দেবী সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং লঙ্কাধিপতি রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশ অভিনয় করছেন। পাশাপাশি, এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী দুই কিংবদন্তি সুরকার এ আর রহমান এবং হ্যান্স জিমার, যা ছবির উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।