শিয়ালদহ দক্ষিণ শাখায় চরম বিভ্রাট! ডিসপ্লে বোর্ড বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ট্রেন; ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা!

ছুটির দিনেও স্বস্তি নেই শিয়ালদহ দক্ষিণ শাখার নিত্যযাত্রীদের। রবিবার সকালে পাওয়ার ব্লকের কারণে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয় শিয়ালদহ স্টেশনে। একের পর এক ট্রেন বাতিল এবং ঘণ্টার পর ঘণ্টা দেরিতে ট্রেন চলায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশনের ডিসপ্লে বোর্ডগুলো বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।
রেল সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল থেকেই দক্ষিণ শাখার বিভিন্ন অংশে পাওয়ার ব্লক নেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় শিয়ালদহ স্টেশনে উপচে পড়া ভিড় তৈরি হয়। কোনো ঘোষণা ছাড়া ট্রেন দাঁড়িয়ে থাকায় এবং স্টেশনের তথ্যপ্রদানকারী ডিসপ্লে বোর্ড কাজ না করায় যাত্রীরা কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে তা বুঝতে পারছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ধৈর্য হারিয়ে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়। ছুটির দিনে এই বিশৃঙ্খলায় ভোগান্তির শিকার হলেন কয়েক হাজার যাত্রী।