লোকসভা আসন বেড়ে ৮৫০? বিশেষ অধিবেশনের আগে ভোটের কড়া অঙ্ক!

আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাশ করানোর সমীকরণ ঘিরে জাতীয় রাজনীতিতে এখন জোরদার অঙ্ক কষা চলছে। সংসদের বিশেষ অধিবেশনে বিলটি আনতে বদ্ধপরিকর শাসক শিবির। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী জোটে সম্ভাব্য ফাটলকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। এই আবহে নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত বিলকে শর্তসাপেক্ষে সমর্থনের ইঙ্গিত দিয়েছে জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি (YSRCP)।

সূত্রের খবর, একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন DMK। তবে উভয় দলেরই মূল শর্ত এক—আসন পুনর্বিন্যাসের নামে দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্বে কোনও কাটছাঁট করা যাবে না। তামিল আবেগের প্রশ্নে কোনও আপস না করার বার্তা শুক্রবারও স্পষ্ট করেছেন স্ট্যালিন। পাশাপাশি, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক এনসিপি (শরদ পওয়ার)-র ৮ জন লোকসভা সাংসদও সরকার পক্ষের সমর্থনে এগিয়ে আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। আঞ্চলিক দলগুলির এই সম্ভাব্য অবস্থান শাসক শিবিরকে স্বস্তি দিলেও রাহুল গান্ধীর নেতৃত্বাধীন শিবিরের উদ্বেগ বাড়াতে পারে। ৩০ নভেম্বর থেকে লোকসভা এবং ২ ডিসেম্বর থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার আগে দুই শিবিরেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

কী শর্ত দিচ্ছে YSRCP ও DMK?

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দেশের প্রতিটি অঞ্চল ও রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখলে ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে প্রস্তুত YSRCP। জনসংখ্যা বৃদ্ধির হারের কারণে কোনও রাজ্য যাতে সংসদে রাজনৈতিক গুরুত্ব না হারায়, তা নিশ্চিত করার দাবি তুলেছে দলটি। বিলের খসড়ায় আঞ্চলিক স্বার্থরক্ষার যথেষ্ট সুরক্ষা থাকলেই সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে YSRCP, যাদের লোকসভায় ৪ জন সাংসদ রয়েছেন।

অন্য দিকে, DMK-ও একই শর্তে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তামিলনাড়ুর বর্তমান ৩৯টি লোকসভা আসনের অনুপাত অক্ষুণ্ণ রাখার আইনি নিশ্চয়তা চেয়েছেন স্ট্যালিন। নিছক মৌখিক আশ্বাস নয়, সংশ্লিষ্ট আইনের মধ্যেই দক্ষিণের প্রতিনিধিত্ব রক্ষার স্পষ্ট ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে দল। এদিকে বিশেষ অধিবেশনের আগে এনসিপি (এসপি) ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তিন লাইনের হুইপ জারি করেছে এবং সমর্থন ঘিরে সুপ্রিয়া সুলের মন্তব্যও রাজনৈতিক মহলে চর্চায় রয়েছে।

কেন্দ্রের প্রস্তাব কী?

৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন বসার কথা—লোকসভায় ৩০ নভেম্বর এবং রাজ্যসভায় ২ ডিসেম্বর থেকে অধিবেশন শুরু হতে পারে। এই পর্বে মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং ডিলিমিটেশন সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী বিল ফের সংসদে পেশ করতে পারে কেন্দ্র। প্রস্তাবিত রূপরেখায় লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার কথা বলা হয়েছে; যার মধ্যে ৮১৫টি আসন রাজ্যগুলির জন্য এবং ৩৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ হতে পারে।

সূত্রের দাবি, প্রতিটি রাজ্যে বর্তমান আসনের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত আসন বাড়িয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখার একটি ফর্মুলা নিয়ে আলোচনা চলছে। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসনের অনুপাত বজায় রাখার পাশাপাশি জনগণনার সঙ্গে ডিলিমিটেশন প্রক্রিয়ার যোগ বিচ্ছিন্ন করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

লোকসভার সাংসদ সংখ্যা ও দুই-তৃতীয়াংশের হিসাব

এই সাংবিধানিক সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। ২০২৬ সালের ১৪ নভেম্বরের লোকসভা সচিবালয়ের দলীয় অবস্থানের হিসাব অনুযায়ী, ৫৪৩ আসনের মধ্যে ৩টি শূন্য থাকায় বর্তমানে সাংসদ রয়েছেন ৫৪০ জন।

সরকারি হিসাব অনুযায়ী, NDA-র সাংসদ সংখ্যা ৩২০। ৫৪০ জন সাংসদই ভোটাভুটিতে অংশ নিলে বিল পাশ করাতে ৩৬০টি ভোট প্রয়োজন হবে—অর্থাৎ ৪০টি ভোটের ঘাটতি রয়েছে। DMK-র ২২, NCP (SP)-র ৮ এবং YSRCP-র ৪ জন সাংসদ একযোগে সমর্থন দিলে NDA-র পক্ষে ভোট দাঁড়াবে ৩৫৪-তে। সে ক্ষেত্রেও প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ৬টি ভোট কম থাকবে। একাংশের মতে, JMM-এর ৩ জন সাংসদের সমর্থন মিললে সরকার ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে।

আগের বার কেন আটকে গিয়েছিল বিল?

চলতি বছরের এপ্রিলে সংবিধান (১৩১তম সংশোধনী) বিল পাশ করানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্র, কিন্তু লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় তা আটকে যায়। সে সময় পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি। এর পর থেকেই সমর্থন বাড়াতে আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ জোরদার করেছে শাসক পক্ষ।

এপ্রিলে বিলের বিরোধিতা করেছিল DMK; দলের সাংসদ কানিমোঝি প্রশ্ন তুলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৌখিক আশ্বাস দিলেও ডিলিমিটেশন কমিশন তা না মানলে কী হবে এবং আইনের মধ্যেই সুরক্ষা থাকা প্রয়োজন। তবে DMK ও YSRCP-র শর্তসাপেক্ষ সমর্থনের ইঙ্গিত এখনও চূড়ান্ত নয়—বিলের চূড়ান্ত খসড়া এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব রক্ষায় কী আইনি গ্যারান্টি দেওয়া হয়, তার ওপরেই নির্ভর করছে পরবর্তী সমীকরণ।