বৈভব আশ্চর্য প্রতিভা, কিন্তু কাম্বলি, পৃথ্বীর মতো যেন না হয়, কেন চিন্তিত শশী থারুর?

মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটে নতুন আশার আলো দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী। অনেকেই তাঁর মধ্যে পরবর্তী ‘সচিন তেন্ডুলকার’-এর ছায়া দেখতে শুরু করেছেন। তবে এই উচ্ছ্বাসের মাঝেই তরুণ এই ব্যাটারকে ঘিরে দানা বাঁধছে উদ্বেগও। বৈভবের পরিণতি যেন বিনোদ কাম্বলি বা পৃথ্বী শ-এর মতো না হয়, সেই বিষয়ে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ তথা ক্রিকেটপ্রেমী শশী থারুর। এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবও বৈভবের পার্টিতে যাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে কাম্বলির উদাহরণ টেনেছিলেন।

প্রতিভাই শেষ কথা নয়, প্রয়োজন শৃঙ্খলা

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বৈভব ভবিষ্যতে সচিন তেন্ডুলকারের মতোই দীর্ঘ ও সফল কেরিয়ার গড়বে। তবে একই সঙ্গে বিনোদ কাম্বলি ও পৃথ্বী শ-এর প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন, শুধু প্রতিভা থাকলেই সর্বোচ্চ পর্যায়ে সাফল্য নিশ্চিত হয় না। দীর্ঘদিন টিকে থাকতে গেলে ধারাবাহিকতা, ফিটনেস এবং সঠিক মানসিকতার প্রয়োজন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২৮ ছক্কায় মুগ্ধ থারুর

থারুর জানান, বৈভব সূর্যবংশীর নাম শোনার পর থেকেই তাঁর খেলার প্রতি বিশেষ আগ্রহ জন্মেছে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বৈভবের ১৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংসটির কথা আলাদাভাবে উল্লেখ করেন তিনি। এ ছাড়াও এক ইনিংসে ২৮টি ছক্কা ও ৭টি চার মারার অবিশ্বাস্য কীর্তিতে অবাক হয়েছেন থারুর। বৈভবের নির্ভীক মানসিকতা, নিখুঁত টাইমিং এবং ফাস্ট বোলারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলার ক্ষমতাকে অসাধারণ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

বৈভবের টানে রাজস্থানের ম্যাচে নজর

রাজস্থান রয়্যালসের খেলা দেখার ক্ষেত্রেও বৈভব এখন থারুরের অন্যতম আকর্ষণ। তিনি জানান, আগে মূলত সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখার জন্য রাজস্থানের ম্যাচ অনুসরণ করতেন। কিন্তু এখন দলে বৈভব থাকায় আগ্রহ আরও বেড়েছে। তাঁর কথায়, ‘বৈভবের প্রথম দিকের ম্যাচগুলিতেই ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছে। অল্প বয়সেই সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছে এই কিশোর।’

অতিরিক্ত প্রত্যাশা নিয়ে সতর্কবার্তা

বৈভবের প্রতিভায় মুগ্ধ হলেও এখনই তাঁকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করতে নারাজ শশী থারুর। তাঁর মতে, বৈভব কতটা দীর্ঘ সময় আন্তর্জাতিক বা সর্বোচ্চ পর্যায়ে নিজের জায়গা ধরে রাখতে পারবে, তা সময়ই বলবে। বিনোদ কাম্বলি এবং পৃথ্বী শ-ও একসময় ভারতীয় ক্রিকেটের বিশাল প্রতিভা হিসেবে উঠে এসেছিলেন, কিন্তু ধারাবাহিকতার অভাবে তাঁদের কেরিয়ার প্রত্যাশিত উচ্চতায় পৌঁছয়নি। তাই কেবল প্রতিভার ওপর ভরসা না করে বৈভবকে এখন থেকেই ফিটনেস ও শৃঙ্খলায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন থারুর।