উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ, বেলা ৩টা থেকে ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে রেজাল্ট!
November 27, 2026

সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ বেলা ৩টার সময় থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন। সংসদ সূত্রে জানানো হয়েছে, এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, এ বারের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন ৪ লক্ষ ২ হাজার ৮০৬ জন এবং ছাত্রের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৫ হাজার ৬৬১ জন। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট পোর্টাল ও অ্যাপে রেজাল্ট দেখার ব্যবস্থা করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সহজেই নিজেদের নম্বর ও ফলাফল জানতে পারেন।