লুঠ করতে এসে বৃদ্ধাকে কুঠার দিয়ে নৃশংস খুন! ৩ বছর পর দুই আপন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায় ডাকাতি করতে গিয়ে এক মহিলাকে নৃশংসভাবে খুনের মামলায় দুই আপন ভাইকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। পাশাপাশি দুজনকেই ৪০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সরকারি আইনজীবী যোগেশ শর্মা এই রায়ের কথা নিশ্চিত করেছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ২৪ জানুয়ারি গভীর রাতে। লৌলি পোখতা গ্রামের বাসিন্দা শিখা যাদব কোহনদৌর থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছিলেন যে, সেদিন রাতে মণিরাজ তাঁর কয়েকজন অজ্ঞাতপরিচয় সঙ্গীকে নিয়ে লুঠপাট চালানোর উদ্দেশ্যে তাঁদের বাড়িতে হানা দেয়। বাড়ির ভেতরে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় শিখার শাশুড়ি মঞ্জু দেবীর। তিনি ঘটনাস্থলে ছুটে এসে সাহসিকতার সঙ্গে অভিযুক্ত মণিরাজকে ধরে ফেলেন।
নিজেকে ধরা পড়ে যেতে দেখে মণিরাজ সঙ্গে থাকা কুঠার দিয়ে মঞ্জু দেবীর মাথায় সজোরে আঘাত করে। এর ফলে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশী ও গ্রামের বাসিন্দারা ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য কোহনদৌরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনার পর শিখা যাদবের লিখিত অভিযোগের ভিত্তিতে কোহনদৌর থানার পুলিশ মণিরাজ, তাঁর ভাই মণীশরাজ এবং অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লুঠ ও খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখার পর জেলা ও দায়রা বিচারক বাব্বু সারং-এর আদালত দুই ভাই মণিরাজ ও মণীশরাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ৪০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন।