কিশোর দলের দাদাগিরি! তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় বড় অ্যাকশন পুলিশের

মুম্বইয়ের কুরলায় ফিনিক্স মলের কাছে একটি মিউনিসিপ্যাল পার্কে ছবি তোলার সময় এক তরুণ ও তরুণীকে মারধর ও হেনস্থা করার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার ভিডিও স্থানীয় বাসিন্দারা নিজেদের মোবাইল ফোনে রেকর্ড করে নেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হচ্ছে। ঘটনায় নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘাটকোপার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় আট নাবালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কড়া আইনি পদক্ষেপ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কুরলার ফিনিক্স মল সংলগ্ন একটি মিউনিসিপ্যাল পার্কে এক যুবক ও যুবতী ছবি তুলছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত আট থেকে দশজন নাবালক কিশোর হঠাৎই তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং অশালীন আচরণের পাশাপাশি তাঁদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।
ঘটনার সময় পার্কে উপস্থিত কয়েকজন স্থানীয় মানুষ গোটা বিষয়টি মোবাইলে ভিডিও বন্দি করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী তরুণীর বয়ানের ভিত্তিতে ঘাটকোপার থানার পুলিশ আইনের সঙ্গে সংঘাতে জড়িত আট নাবালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২), ১৮৯(৪), ১১৮(১), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি, এই ঘটনায় পাঁচজন নাবালকের অভিভাবককেও নোটিস পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত সকল নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করে নিয়ম মেনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।