“লাখ টাকা বাঁচাতে গিয়ে ফাঁদে পড়ছেন না তো?”-ইউজড কার কেনার আগে যে ৬টি জিনিস দেখা বাধ্যতামূলক!

নতুন গাড়ি কেনার স্বপ্ন প্রায় সবারই থাকে। তবে শোরুম থেকে নতুন গাড়ি বের করার খরচ কিন্তু কেবল তার এক্স-শোরুম দামেই আটকে থাকে না। অন-রোড দামের সঙ্গে যুক্ত হয় আরটিও (RTO) রেজিস্ট্রেশন, বিমা (Insurance), অ্যাকসেসরিজ, সিট কভার এবং বাম্পারের মোটা অঙ্কের খরচ। তাই যাদের বাজেট কিছুটা সীমিত, তাঁদের কাছে সেকেন্ড হ্যান্ড বা ‘প্রি-ওনড’ (Pre-owned) গাড়ি কেনাই কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ?
কলকাতার গাড়ির বাজারের হালহকিকত বলছে, ঠিকঠাক গাড়ি বেছে নিতে পারলে নিমেষেই কয়েক লক্ষ টাকা বাঁচিয়ে ফেলা সম্ভব! কিন্তু শুধু কম দাম দেখে হুট করে সিদ্ধান্ত নিলে পড়ে যেতে পারেন বড়সড় বিপদেও।
কলকাতার বাজারে দামের ফারাক কত?
কলকাতার অনলাইন ও অফলাইন প্রি-ওনড গাড়ির বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দামে রয়েছে বিরাট ফারাক:
মারুতি সুইফট (Maruti Swift): ২০১৫ সালের একটি প্রি-ওনড সুইফটের বর্তমান বাজারমূল্য প্রায় ২.৯১ লক্ষ টাকা। যেখানে একটি নতুন সুইফটের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ৫.৮৪ লক্ষ টাকা থেকে। অর্থাৎ, পুরনো মডেলে সোজা ২.৯৩ লক্ষ টাকা পর্যন্ত সেভিংসের সুযোগ রয়েছে।
মারুতি ওয়াগনআর (Maruti WagonR): ২০১২ সালের মারুতি ওয়াগনআর মিলছে মাত্র ১.৮৪ লক্ষ টাকার আশেপাশে, যার নতুন মডেলের দাম শুরু প্রায় ৪.৯৯ লক্ষ টাকা থেকে।
অল্টো K10 ও গ্র্যান্ড i10 Nios: ২০১৯ সালের অল্টো K10 পাওয়া যাচ্ছে ২.৯৬ লক্ষ টাকায় (নতুন মডেলে খরচ হবে ৩.৭০ লক্ষ টাকা)। এছাড়া নিউ টাউনের ইউজড কার শোরুমে ২০২২ সালের একটি হুন্ডাই গ্র্যান্ড i10 Nios মিলছে ৫.১৯ লক্ষ টাকায়।
(মনে রাখবেন, এসবই বিভিন্ন বিক্রেতার লিস্টেড প্রাইস। গাড়ির কন্ডিশন, কত কিলোমিটার চলেছে এবং ভ্যারিয়্যান্টের ওপর নির্ভর করে দরদাম করলে দাম আরও কিছুটা কমানো সম্ভব।)
কখন পুরনো গাড়ি কেনাই সবচেয়ে সেরা বিকল্প?
বিশেষজ্ঞদের মতে, যাঁরা জীবনে প্রথমবার গাড়ি ড্রাইভ করা শিখছেন, যাঁদের প্রধানত শহরের জ্যাম সামলে যাতায়াত করতে হয় কিংবা খুব মাঝেমাঝে গাড়ি বের করেন—তাঁদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়িই সেরা। এতে কম বাজেটে উপরের সেগমেন্টের বা বেটার মডেলের গাড়ি পাওয়ার সুযোগ থাকে।
কেনার আগে যে বিষয়গুলি খুঁটিয়ে দেখবেন:
কেবল চকচকে বডি বা নতুন রঙ দেখে সিদ্ধান্ত নেবেন না। কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখুন:
১. মেকানিক দিয়ে পরীক্ষা: অভিজ্ঞ মেকানিক দিয়ে গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, ক্লাচ, সাসপেনশন ও এসির অবস্থা পরখ করে নিন। গাড়িটি আগে বড় কোনো দুর্ঘটনায় পড়েছিল কি না (Accidental history) তা যাচাই করুন।
২. কাগজপত্র মেলাণ: সার্ভিসিং হিস্ট্রি, অরিজিনাল ওডোমিটার রিডিং, বিমা (Insurance), পলিউশন সার্টিফিকেট এবং আরসি (RC)-তে মালিকের নাম মিলিয়ে দেখুন।
৩. লোন ও এনওসি (NOC): গাড়িটিতে কোনো সক্রিয় ব্যাংক লোন আছে কি না বা থাকলে নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) ক্লিয়ার কি না দেখে নিন।
৪. সম্পূর্ণ পেমেন্ট নয়: গাড়ির মালিকানা হস্তান্তর বা অন-পেপার ট্রান্সফার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুরো টাকা দেবেন না।
একটি শেষ হিসাব: সেকেন্ড হ্যান্ড গাড়ির দামের সঙ্গে তার প্রাথমিক সার্ভিসিং, নতুন টায়ার বা ব্যাটারি বদল, বিমা রিনিউয়াল এবং নাম বদলের মোট খরচ যোগ করুন। যদি দেখেন সেই মোট অঙ্ক প্রায় নতুন গাড়ির অন-রোড মূল্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তবে কিন্তু নতুন গাড়ি নেওয়াই শ্রেয়!