লাইন পার হতে গিয়ে হঠাৎ এলো ট্রেন! অবোধ মহিষদের বাঁচাতে ছুটে গিয়ে নিভে গেল তরতাজা প্রাণ

নিজের পোষা অবলা প্রাণীগুলোকে ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে ঘনিয়ে এলো চরম বিপর্যয়। রেললাইনে দ্রুত গতিতে আসা যাত্রীবাহী ট্রেনের সামনে থেকে মহিষগুলোকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক প্রাণ হারালেন এক পশুপালক। হৃদয়বিদারক এই ঘটনায় ওই ব্যক্তির পাশাপাশি প্রাণ গেছে তাঁর ৫টি মহিষেরও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার লুকওয়াসা ফাঁড়ি এলাকার কুলহাড়ি গ্রামের কাছে।

ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পশুপালকের নাম পহলওয়ান সিং যাদব (৪৫)। শনিবার গভীর সন্ধ্যায় জঙ্গল থেকে নিজের নয়টি মহিষ চরিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে কুলহাড়ি গ্রামের কাছে তাঁকে রেললাইন পার হতে হচ্ছিল। সেই সময় আচমকাই দ্রুত গতিতে একটি যাত্রীবাহী ট্রেন চলে আসে।

ট্রেনের হুইসেল ও বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে মহিষগুলো। দিকবিদিক জ্ঞান হারিয়ে রেললাইনের ওপরই ছোটাছুটি শুরু করে তারা।

নিজের প্রাণ বাজি রেখেও শেষরক্ষা হলো না পোষা প্রাণীগুলোকে বাঁচাতে এক মুহূর্ত চিন্তা না করে সোজা রেললাইনে ছুটে যান পহলওয়ান সিং। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দ্রুতগতির ট্রেনের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই পিষে যান পহলওয়ান। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় ৫টি মহিষ এবং আরও ৪টি মহিষ গুরুতর আহত হয়।

খবর পেয়েই পুলিশ ও রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পুরো কুলহাড়ি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।