র্যাঙ্কিংয়ে ৭২ পয়েন্টের ফারাক! বিশ্ব দাবায় সিন্দারভের চ্যালেঞ্জ সামলাতে পারবেন গুকেশ?

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ডি গুকেশকে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভোখির সিন্দারভের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ২০২৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচে চিনের ডিং লিরেনকে হারিয়ে শিরোপা জেতার পর ফের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নিয়েছেন গুকেশ। অন্যদিকে, বিশ্বকাপ এবং ক্যান্ডিডেটস টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে এই মঞ্চে পৌঁছেছেন সিন্দারভ। দুই দাবাড়ুর বর্তমান রেটিংয়ের ব্যবধান এই দ্বৈরথকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বর্তমানে ২৭১০ রেটিং নিয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে রয়েছেন গুকেশ, আর ২৭৮২ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন সিন্দারভ।
অর্থাৎ দুই খেলোয়াড়ের মধ্যে রেটিংয়ের ব্যবধান ৭২ পয়েন্টের। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে গুকেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক নয়। বিপরীতে দুর্দান্ত ছন্দে থাকা সিন্দারভ রেটিং ও বিশ্ব র্যাঙ্কিং—উভয় ক্ষেত্রেই নিজের কেরিয়ারের সেরা অবস্থানে পৌঁছেছেন। চ্যাম্পিয়নশিপের এই লড়াইয়ে মোট ১৪টি ক্লাসিক্যাল গেম অনুষ্ঠিত হবে এবং যে খেলোয়াড় সবার আগে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করবেন, তাঁর হাতেই উঠবে বিশ্বসেরার খেতাব।
নির্ধারিত ম্যাচগুলো টাই হলে বিজয়ী নির্ধারণে কম সময়ের গেম খেলা হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মূল পর্বে প্রথম ৪০ চালের জন্য সময়সীমা ধার্য করা হয়েছে ১২০ মিনিট। এরপর ৪১তম চাল থেকে খেলা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি চালে অতিরিক্ত ৩০ সেকেন্ড করে যোগ হবে। প্রতিযোগিতায় দ্রুত ড্র করার সুযোগও রাখা হয়নি; কোনও গেম ড্র করতে হলে অন্তত ৪০টি চাল খেলা বাধ্যতামূলক করা হয়েছে।
২৫ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জিতলে সংশ্লিষ্ট খেলোয়াড় পাবেন ২ লক্ষ ডলার করে, আর বাকি অর্থ সমানভাবে বণ্টন করা হবে। প্রতিযোগিতা টাই হলে চ্যাম্পিয়ন পাবেন ১৩ লক্ষ ডলার এবং রানার্স-আপ পাবেন १२ লক্ষ ডলার।