বন্ধুদের সামনে সন্তান আপনার নকল করে বা অপমান করে? রেগে না গিয়ে যা করবেন জেনে নিন

সন্তান যখন ছোট থাকে, তখন মা-বাবার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শোনে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন তারা বন্ধুদের জগতে নিজেদের জায়গা তৈরি করতে শুরু করে, তখন তাদের আচরণেও পরিবর্তন আসে। অনেক সময় বন্ধুদের সামনে মা-বাবার কথা বলার ধরন অনুকরণ করে বা পোশাক ও অভ্যাস নিয়ে মজা করে অন্যদের হাসানোর চেষ্টা করে। এমন পরিস্থিতিতে অভিভাবকদের কষ্ট পাওয়া বা রাগ হওয়া স্বাভাবিক। অনেক সময় সবার সামনেই সন্তানকে বকাঝকা করার ইচ্ছা জাগে।
কিন্তু একটু ভেবে দেখুন, ঠিক সেই মুহূর্তে আপনি যদি রাগের মাথায় চিৎকার করে ওঠেন, তবে কী হতে পারে? ভুল স্বীকার করার বদলে সন্তান হয়তো বন্ধুদের সামনে নিজেকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে। বিশেষ করে টিনএজ বয়সে সন্তানেরা বন্ধুদের কাছে নিজেদের ভাবমূর্তি নিয়ে বেশ সচেতন থাকে। ফলে অভিভাবকদের তীক্ষ্ণ প্রতিক্রিয়া পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। প্যারেন্টিং বিশেষজ্ঞদের মতে, এমন ক্ষেত্রে রাগের চেয়ে বেশি কার্যকর হলো বোঝাপড়া এবং সঠিক সময়ে শান্তভাবে কথা বলা। পরের বার সন্তান বন্ধুদের সামনে আপনার মজা করলে কীভাবে সামলাবেন, তা জেনে নেওয়া জরুরি।
প্রথমত, বন্ধুদের সামনে রাগের বশে মাথা গরম করবেন না। বন্ধুরা উপস্থিত থাকলে সন্তান অনেক সময় মনোযোগ আকর্ষণ করতে বা নিজেকে মজাদার হিসেবে তুলে ধরতে এমন আচরণ করে। আপনার কণ্ঠস্বর নকল করা বা ঘরের ব্যক্তিগত কোনো কথা বলে বন্ধুদের হাসানোর চেষ্টা করতে পারে। আপনি সঙ্গে সঙ্গে রেগে গেলে ছোট বিষয়টি বড় তর্কে রূপ নিতে পারে এবং সন্তানও নিজের অবস্থানে অনড় থাকতে পারে। তাই সেই মুহূর্তে নিজেকে সংযত রাখুন। গভীর শ্বাস নিন এবং বিরক্তি না দেখিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। বিষয়টি খুব গুরুতর না হলে তখনই তর্ক শুরু করবেন না। এর মাধ্যমে আপনি সন্তানকে শেখাবেন যে অন্যের আচরণে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা নিজের হাতেই থাকে।
দ্বিতীয়ত, একান্তে মজা ও অপমানের পার্থক্য বুঝিয়ে বলুন। হাসি-ঠাট্টারও একটি সীমা আছে, এটা সন্তানকে বোঝা প্রয়োজন। কারও কথায় হাসা আর কাউকে ছোট করে হাসা এক নয়। আপনার আচরণে বা কথায় মা-বাবা কতটা কষ্ট পেয়েছেন, অনেক সময় সন্তান তা বুঝতেই পারে না। তাই বন্ধুদের সামনে দীর্ঘ উপদেশ না দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করুন। বন্ধুরা চলে গেলে এবং পরিবেশ স্বাভাবিক হলে সন্তানের সঙ্গে আলাদাভাবে কথা বলুন। তাকে জানান যে তার আচরণে আপনি কেমন অনুভব করেছেন। যেমন আপনি বলতে পারেন, তোমার মজা করায় আমার আপত্তি নেই, কিন্তু সবার সামনে এভাবে অপমান করা ঠিক নয়। কথা বলার সময় সন্তানকে দোষারোপ না করে আচরণের সীমারেখা স্পষ্ট করুন। বারবার এমন ঘটলে আগে থেকে ঠিক করা নিয়ম ও তার ফলাফল সম্পর্কেও পরিষ্কার থাকুন।
তৃতীয়ত, সন্তান কেন এমন করছে তা বোঝার চেষ্টা করুন। প্রতিবারই যে মা-বাবাকে অপমান করার উদ্দেশ্যে বা অভদ্রতা থেকে সন্তান এমন করে, তা নয়। টিনএজ বয়সে নিজেদের আলাদা পরিচয় গড়ে তোলার চেষ্টায় অনেক সময় তারা যা খুশি বলে ফেলে, আবার কখনো নিজের অস্বস্তি লুকাতে মা-বাবাকে নিয়ে মন্তব্য করে। ঘরের কোনো পুরোনো ক্ষোভ বা অভিমানও এর পেছনে থাকতে পারে। তাই শান্ত মনে জানতে চান সে কেন এমন করল এবং না থামিয়ে তার কথা শুনুন। হয়তো এমন কোনো বিষয় সামনে আসবে, যা আগে আপনার নজরে আসেনি। এর অর্থ এই নয় যে ভুল আচরণকে প্রশ্রয় দিতে হবে, বরং কারণ বুঝে সঠিক পথ দেখানো জরুরি।
সবশেষে, সম্পর্কের পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের বেড়ে ওঠা এবং স্বতন্ত্র পরিচিতি তৈরি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। এই সময় তারা ভিন্নমত প্রকাশ করতে পারে বা বন্ধুদের সামনে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সম্মানবোধের সীমা মুছে যাবে। মা-বাবা রাগের বদলে ধৈর্য ও স্পষ্টতা নিয়ে কথা বললে সন্তানও নিজের অনুভূতি প্রকাশের সুস্থ উপায় শিখবে। প্যারেন্টিংয়ের মূল লক্ষ্য কেবল সন্তানের কাছ থেকে সম্মান আদায় করা নয়, বরং তাকে অন্যকে সম্মান করতে শেখানোও।
সতর্কবার্তা: এই প্রতিবেদনটি প্যারেন্টিং ও শিশু আচরণ সংক্রান্ত সাধারণ পরামর্শের ভিত্তিতে তৈরি। প্রতিটি শিশুর স্বভাব, বয়স ও পারিবারিক পরিবেশ ভিন্ন। তাই কোনো একটি আচরণের ভিত্তিতে সন্তানের উদ্দেশ্য বা মানসিক অবস্থা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। অপমানজনক আচরণ দীর্ঘস্থায়ী হলে বা পারিবারিক সম্পর্কে প্রভাব ফেললে শিশু মনোবিজ্ঞানী বা যোগ্য পরামর্শকের সহায়তা নেওয়া উচিত।