রেলে স্টেশন মাস্টার পদে বাম্পার নিয়োগ! দীপাবলির আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য দীপাবলির আগেই এলো দারুণ সুখবর। ভারতীয় রেলে স্টেশন মাস্টার পদে প্রচুর কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদন জমা দিতে পারবেন। রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর।

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে ফর্ম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর যদি ফর্মে কোনো ভুলত্রুটি থেকে যায়, তা সংশোধনের জন্য আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। প্রাথামিক তথ্য অনুযায়ী, স্টেশন মাস্টার নিয়োগের লিখিত পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যদিও পরীক্ষার নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করার জন্য প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি (CEN 08/2026) লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। নির্দিষ্ট বিন্যাসে ছবি ও স্বাক্ষরসহ নথি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। সবশেষে ফর্মটি সাবমিট করে একটি প্রিন্টআউট কপি কাছে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।