রাশিয়ার ড্রোন হামলায় রক্তে ভাসল কিয়েভ! বুচা জেলার গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩৭, আহত ৪২

রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ চতুর্থ বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই তার তীব্রতা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় এবার রক্তে ভিজল ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কিয়েভ প্রদেশের বুচা জেলার একটি গুদাম লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই নৃশংস হামলায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন অন্তত ৪২ জন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত রাতে কিয়েভের পশ্চিমাঞ্চলীয় শহরতলির কাছে মাইলা শহরের একটি গুদামে গোলাবারুদ মজুত থাকার সন্দেহে এই বিমান হানা চালায় রুশ বাহিনী। ড্রোনটি সরাসরি আঘাত হানার পরেই সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধবংসস্তূপে পরিণত হয়। কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন যে, বুচা জেলায় মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই রুশ হানায় প্রাণ হারিয়েছেন স্থানীয় দিমিত্রিয়েভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও। যুদ্ধ থামার তো দূরের কথা, রাশিয়া ও ইউক্রেনের এই লাগাতার ও বেপরোয়া আক্রমণ যে সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, এই রক্তক্ষয়ী ঘটনাই তা ফের প্রমাণ করল।