টাইমস স্কোয়ারে ধামাকাদার ছবি! আমেরিকার মাটিতে পা রাখতেই ইতিহাস গড়লেন মোহন ভাগবত

আমেরিকার মাটিতে পা রেখেই শোরগোল ফেলে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্বব্যাপী প্রচার কর্মসূচির অংশ হিসেবে বর্তমানে মার্কিন সফরে রয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের একটি প্রধান বিলবোর্ডে “সংকল্প, সম্প্রীতি এবং সংলাপ” স্লোগানের সঙ্গে মোহন ভাগবতের ছবি প্রদর্শিত হয়, যা প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

আজ শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে (এমএসজি) প্রায় ৫,০০০ মানুষের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD)-এর আয়োজনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ শিরোনামের এই বিশেষ রক্ষা বন্ধন সমাবেশে বিশ্ব ঐক্য এবং ‘বসুধৈব কুটুম্বকম’ নীতির বার্তা তুলে ধরা হবে। তবে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও নাগরিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি এই অনুষ্ঠানের প্রকাশ্যে বিরোধিতা করে জানিয়েছেন যে তিনি আরএসএস প্রধানের এই সফরকে সমর্থন করেন না। তা সত্ত্বেও সমস্ত জল্পনা উড়িয়ে মার্কিন মুলুকে প্রবাসী ভারতীয়দের বিশাল সমাবেশে ভাগবতের এই উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।