রান্নার গ্যাসের বাজারে বড় পরিবর্তন! কোন ফাঁদে পড়তে চলেছে সাধারণ পরিবার?

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠছে, এখন থেকে নতুন গ্যাস সংযোগ নিতে গেলে গ্রাহকদের জন্য বরাদ্দ হচ্ছে ১৪.২ কেজির পরিবর্তে ১০ কেজির সিলিন্ডার। তাও আবার সম্পূর্ণ ভরতুকি ছাড়া! তেল-গ্যাস সংস্থাগুলির সাম্প্রতিক নীতি পরিবর্তনের জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই ১০ কেজির সিলিন্ডারই এবার সাধারণ মানুষের ভবিতব্য হতে চলেছে?

চলতি বছরের মার্চ মাস থেকেই ইরান যুদ্ধের ‘অজুহাতে’ গ্যাসের নতুন সিলিন্ডারের সংযোগ দেওয়া কার্যত বন্ধ রয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই। কিন্তু ঘাটতি না থাকলে কেন নতুন সংযোগ আটকে রাখা হল, তার কোনও সদুত্তর মেলেনি। এর পাশাপাশি, দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন পর্যন্ত করা হয়েছে। ফলে গ্রাহকদের রিফিলের জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতেই বাজারে পুরোদমে আনা হয়েছে ১০ কেজির সিলিন্ডার।

বাজারের ১০ কেজির এই সিলিন্ডারের দাম রাখা হয়েছে ১,৬৬৭ টাকা। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এই অঙ্ক একটি বড় আর্থিক বোঝা। চলতি নভেম্বর মাসে কেউ নতুন সংযোগ নিতে গেলে তাঁকে মোট ৪,৮৫৩ টাকা দিতে হচ্ছে, এবং রিফিলের খরচ প্রায় ১৭০০ টাকা। অথচ, ১৪.২ কেজির সিলিন্ডার যেখানে ৯৬৮ টাকায় পাওয়া যাচ্ছে, সেই অনুপাতে ১০ কেজির দাম হওয়া উচিত ছিল ৬৮২ টাকার আশপাশে। কিন্তু বাস্তবে গ্রাহককে গুনতে হচ্ছে প্রায় আড়াই গুণ দাম। ওজন ও দামের এই বিশাল ফারাকিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।

এদিকে, ১০ কেজির সিলিন্ডারে পূর্বে ঘোষণা করা ২০০ টাকা ছাড় এবং ২৫০ টাকার নতুন কানেকশন ডিসকাউন্ট ‘চুপিসারে’ তুলে নেওয়া হয়েছে বলে ডিস্ট্রিবিউটরদের দাবি। ফলে ভরতুকি হ্রাসের আশঙ্কা আরও জোরালো হয়েছে। এর ওপর আবার নতুন সংযোগ এবং সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরদের জন্য লোভনীয় ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে, যা নিয়ে ‘পুশ সেল’ বা জোর করে অতিরিক্ত মূল্যের সিলিন্ডার বিক্রির চাপ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ডিস্ট্রিবিউটর ও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে ১৪.২ কেজির সংযোগ কবে ফিরবে, তার কোনো স্পষ্ট উত্তর নেই।