মৃত্যুর পর নয়, জীবিত অবস্থাতেই নিজের শ্রাদ্ধ করলেন ৮০ বছরের বৃদ্ধ! ৯০০ অতিথিকে খাইয়ে দিলেন ভোজ!

উত্তরপ্রদেশের বাগপত জেলার জোহরি গ্রামের বাসিন্দা ৮০ বছরের চৌধুরি বলজোর সিং এক অনন্য ও অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছেন। মৃত্যুর পর নয়, বরং নিজের জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন এই প্রবীণ। শুধু তাই নয়, এই অদ্ভূত অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে অতিথিদের অভ্যর্থনা জানান এবং তাঁদের সঙ্গে বসে পাত পেড়ে ভোজও খান। প্রায় ৯০০ জন মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়।
হিন্দু সনাতন রীতি অনুযায়ী, কারও মৃত্যুর তেরো দিন পর ‘ত্রয়োদশী’ বা শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। মৃতের আত্মার শান্তি কামনা, ধর্মীয় আচার পালন এবং আত্মীয়-স্বজনদের ভোজ খাওয়ানোর মাধ্যমেই এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু বলজোর সিং এই চেনা নিয়মের সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন। তাঁর সাফ কথা, মৃত্যুর পর পরিবারের লোকজনকে যাতে কোনো ধরনের ঝামেলা বা আর্থিক সঙ্কটের মুখে পড়তে না হয়, কিংবা আয়োজন নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই তিনি নিজের হাতে সমস্ত ব্যবস্থা করে এই অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তাঁর এই ব্যতিক্রমী সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, তিনি নিজের কাজ নিজেই সম্পন্ন করে যেতে চেয়েছেন।
রবিবারের এই মহাভোজের আয়োজনে গ্রামের মানুষ তো বটেই, এমনকি উত্তরপ্রদেশের মন্ত্রী কে পি মালিকও সশরীরে উপস্থিত ছিলেন। এ দিন সকাল থেকেই বলজোর সিংয়ের বাড়িতে বৈদিক মতে যজ্ঞ ও হোম আয়োজিত হয়। এরপর দুপুরের দিকে বাড়ির উঠোনে বিশাল বড় বড় হাঁড়িতে রান্নার আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য লুচি, রায়তা, দুই পদের সুস্বাদু তরকারি এবং লাড্ডু দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। চৌধুরী সম্প্রদায়ের বহু মানুষ ও আত্মীয়-স্বজনদের অংশগ্রহণে এই অনুষ্ঠান এক পারিবারিক উৎসবে রূপ নেয়।
এই অদ্ভুত আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় এবং আবেগঘন মুহূর্তটি ছিল পাগড়ি হস্তান্তরের রীতি। সাধারণত পরিবারের প্রধানের প্রয়াণের পরই উত্তরাধিকারীর মাথায় পাগড়ি পরিয়ে পরিবারের সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়। বলজোর সিং সেই প্রথাও নিজের জীবদ্দশাতেই সম্পন্ন করলেন। নিজের ১০ বছরের নাতি মুকুলের মাথায় পাগড়ি পরিয়ে তাকে পরিবারের মূল দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। বলজোর সিংয়ের তিন কন্যা এবং এই একমাত নাতি রয়েছে। তাঁর দুই বিঘা জমির মালিক এই বৃদ্ধের এমন অদ্ভুত ও সাহসী সিদ্ধান্ত প্রথমে গ্রামের মানুষকে চমকে দিলেও, পরে অনেকেই তাঁর এই দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়েছেন। মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা জীবিত থাকতেই সেরে ফেলে আসলে তিনি পরিবারের সঙ্গে জীবনের শেষ কটি দিন আনন্দ ও ভোজের মাধ্যমে কাটিয়ে যেতে চেয়েছেন। উত্তরপ্রদেশের বাগপতের এই ব্যতিক্রমী শ্রাদ্ধানুষ্ঠানের খবর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।