রান্নাঘরের বাজেটে বড় ধাক্কা! পর্যাপ্ত মজুত সত্ত্বেও কেন হু হু করে বাড়ছে ডালের দাম?

দেশে নিত্যপ্রয়োজনীয় ডালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দামের লাগাতার ঊর্ধ্বগতি এখন সরকারের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের হেঁশেলের চাপ কমাতে আসরে নেমেছে কেন্দ্রীয় সরকার। ডালের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি চিরতরে রুখতে উপভোক্তা বিষয়ক সচিবের সভাপতিত্বে সমস্ত রাজ্যকে নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবারের এই বৈঠকে দেশের বর্তমান ডাল পরিস্থিতি, জোগান ও দাম বৃদ্ধির নেপথ্য কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের প্রাথমিক অনুমান, বাজারে পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা তোলার চেষ্টা করছেন। বিশেষ করে, গুদামের বাইরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ডাল মজুত করে বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।

বৈঠক শেষে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, মজুতদারদের বিরুদ্ধে এবার কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে মাঠে নেমে নজরদারি চালাতে সমস্ত রাজ্য ও রাষ্ট্রীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই কঠোর পদক্ষেপে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে কি না এবং ডালের বাজারে স্বস্তি ফেরে কি না, এখন সেটাই দেখার।