“রাজ্য পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তদন্ত অসম্ভব!” হাইকোর্টে নালিশ সিবিআই-এর, শুভেন্দু মামলায় নয়া মোড়

রাজ্য পুলিশের সঙ্গে একই টেবিলে বসে যৌথ তদন্ত করা সম্ভব নয়— বিস্ফোরক এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল সিবিআই (CBI)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা চারটি এফআইআর-এর তদন্তে বিচারপতি জয় সেনগুপ্ত যে ‘যৌথ সিট’ (SIT) গঠনের নির্দেশ দিয়েছিলেন, তাকেই চ্যালেঞ্জ জানাল কেন্দ্রীয় সংস্থা।
২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দুর বিরুদ্ধে মোট ২৬-২৭টি এফআইআর দায়ের হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই রাজ্য পুলিশ তাঁকে হেনস্থা করছে। দীর্ঘদিন শুনানির পর বিচারপতি জয় সেনগুপ্ত বেশিরভাগ মামলা খারিজ করে দিলেও বাকি চারটি মামলার জন্য রাজ্য পুলিশ ও সিবিআই-এর প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দেন।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে সিবিআই দাবি করে, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে রাজ্য পুলিশ তদন্তে সবসময় অসহযোগিতা করে। সিবিআই একটি স্বাধীন সংস্থা হিসেবে নিজেদের স্বকীয়তা বজায় রেখে এককভাবে তদন্ত করতে চায়। ডিভিশন বেঞ্চ সিবিআই-কে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এখন দেখার, যৌথ তদন্তের নির্দেশ খারিজ করে হাইকোর্ট সিবিআই-কে একক দায়িত্ব দেয় কি না।