রাজ্যে রাজ্যে নতুন করের ধাক্কা? রাজকোষের ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টের ইতিহাস সৃষ্টি করা বড় নির্দেশ!

রাজ্য বিধানসভাগুলির কর আরোপের আইনি অধিকার নিয়ে ২৭ বছর ধরে ঝুলে থাকা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি বিবাদের ঐতিহাসিক নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, পণ্য বা পরিষেবার কার্যকর করের ওপর অতিরিক্ত কর, সারচার্জ বা সেস চাপানোর পূর্ণ অধিকার রয়েছে রাজ্য সরকারগুলির। এর ফলে রাজস্ব আদায়ে রাজ্যগুলির আইন প্রণয়ন করার ক্ষমতাকে পুনরায় স্বীকৃতি দিল শীর্ষ আদালত।

ঘটনার সূত্রপাত প্রায় ২৭ বছর আগে, ওড়িশা বিক্রয় কর আইন, ১৯৪৭-এর ৫এ ধারাকে কেন্দ্র করে। ওই আইনে ১০ লক্ষ থেকে ১ কোটি টাকা টার্নওভার থাকা ব্যবসায়ীদের ওপর ১০ শতাংশ এবং ১ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রে ১৫ শতাংশ অতিরিক্ত কর চাপানোর ব্যবস্থা করা হয়েছিল। ব্যবসায়ীরা দাবি করেছিলেন, এটি আয়ের ওপর কর, যা কেবল দেশের সংসদের এখতিয়ারভুক্ত। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন, এস ভি এন ভাট্টি, জয়মাল্য বাগচী, এন ভি আঞ্জারিয়া, অরুণ পল্লী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ জানান, অতিরিক্ত বিক্রয় করও কেনাবেচার করেরই অংশ। জিএসটি চালু হলেও আদালতের এই আইনি পর্যবেক্ষণ রাজ্যগুলোর স্বাধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।