রাজস্থানে ট্রেনের ট্র্যাকে প্রবল ধামাকা! ভারত-পাক সীমান্তের কাছে জঙ্গি হামলার আশঙ্কায় তুমুল চাঞ্চল্য

ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থানের অনুপগড়-সুরতগড় রেললাইনে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় ৫০ জিবি গ্রামের কাছে রেললাইনকে সুরক্ষিত রাখার জন্য স্থাপিত দুটি শক্তিশালী সিমেন্টের স্ল্যাব সম্পূর্ণ উড়ে যায় এবং রেললাইনের ওই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।

ঘটনার ধরন ও স্থান বিবেচনা করে এটি কোনো পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। যেহেতু এলাকাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়, তাই নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ঠিক কী ধরনের বিস্ফোরক এখানে ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর থেকেই সীমান্ত সংলগ্ন পুরো অঞ্চল জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং রেল চলাচলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।