রাজনৈতিক সৌজন্যের পাঠ নাকি তীব্র কটাক্ষ? বিমান বসু প্রসঙ্গে পোস্টে কী লিখলেন কুণাল?

রাজনৈতিক মতাদর্শগত দূরত্ব থাকলেও সৌজন্য ও সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তার ছায়া পড়া উচিত নয়—এই বার্তাকে সামনে রেখেই বর্ষীয়ান বামফ্রন্ট নেতা বিমান বসুকে ঘিরে দু’টি ভিন্ন রাজনৈতিক আচরণের তুলনা টানলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে বামপন্থীদের উদ্দেশে আত্মসমীক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।
পোস্টে কুণাল ঘোষ উল্লেখ করেছেন, রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠানে রাজভবনের পিছনের সারিতে বসেছিলেন বিমান বসু। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়ে তাঁকে সামনের সারিতে বসতে অনুরোধ করেন এবং নিজে উদ্যোগী হয়ে চেয়ার এগিয়ে দেন। কুণালের দাবি, রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও একজন প্রবীণ নেতার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্য ও সম্মান প্রদর্শন প্রকৃত রাজনৈতিক সংস্কৃতির পরিচয়।
অন্যদিকে, সাম্প্রতিক এক ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে বিমান বসুকে অপমান করার অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। গত বুধবার কলেজ স্ট্রিটে বামেদের কর্মসূচিতে যোগ দিতে গেলে উপস্থিত এবিভিপি সমর্থকদের একাংশ তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে। যদিও সেই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মন্তব্য করেছিলেন যে ছাত্র রাজনীতিতে এমন ঘটনা ঘটে এবং প্রবীণ নেতার ওই কর্মসূচিতে যাওয়াই উচিত হয়নি।
নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য এবং এবিভিপি-র আচরণের এই বৈসাদৃশ্য তুলে ধরে বামপন্থীদের মূল্যায়ন করার আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ। ‘কমরেড’ সম্বোধন করে তিনি লিখেছেন, রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে কে সম্মান দিচ্ছে এবং কে অপমান করছে, সেই পার্থক্য বিবেচনা করা জরুরি। তাঁর বক্তব্য, মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও ব্যক্তিগত সম্মান ও সৌজন্যবোধই রাজনৈতিক শিষ্টাচারের মূল ভিত্তি, এবং বামপন্থীদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত।