হরমুজ প্রণালীর আগুনে পুড়ছে ভারতের কোষাগার, তেল আমদানিতে বিল ১১১ বিলিয়ন ডলার!

পশ্চিম এশিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালীর অস্থিরতার সরাসরি আঁচ এবার ভারতের কোষাগারে। চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতের অশোধিত তেল আমদানির খরচ গত বছরের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাময়িক পরিসংখ্যান বলছে, আমদানির পরিমাণ মাত্র ২.৭ শতাংশ বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দাম এবং জাহাজ ভাড়ার আকাশছোঁয়া খরচের জেরে এই বিপুল বোঝা চেপেছে দেশের অর্থনীতির ওপর।

পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে ভারত ১৪৬.৬ মিলিয়ন টন অর্থাৎ প্রায় ১০৮ কোটি ব্যারেল অশোধিত তেল আমদানি করেছে, যার জন্য খরচ হয়েছে ১১ হাজার ১০০ কোটি ডলার বা ১১১ বিলিয়ন ডলার। গত অর্থবর্ষের এই সময়ে প্রতি ব্যারেল তেলের গড় দাম ছিল প্রায় ৬৯ ডলার, যা এবার বেড়ে হয়েছে ১০৩.৩ ডলার। আরও উদ্বেগের বিষয় হল, চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই তেল আমদানির খরচ গত ২০২৫-২৬ অর্থবর্ষের মোট খরচের ৮৮ শতাংশে পৌঁছে গিয়েছে, অথচ হাতে এখনও পাঁচ মাস বাকি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। যুদ্ধের আগে ভারতের মোট অশোধিত তেলের ৪০ শতাংশ, তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি-এর ৬০ শতাংশ এবং এলপিজি-র প্রায় ৯০ শতাংশই পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে আসত। মাঝে জুন থেকে অগস্ট মাসে তেলের দাম কিছুটা কমলেও, সেপ্টেম্বর ও অক্টোবরে নতুন করে সংঘাত এবং যুদ্ধকালীন বিমা ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় ফের অস্থিরতা তৈরি হয় তেলের বাজারে। কেবল অক্টোবর মাসেই ভারতের তেল আমদানির বিল গত বছরের তুলনায় ৮৭.৫ শতাংশ বেড়ে ১৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ওই মাসে ভারতীয় বাস্কেটে অশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি ১১৯.৯ ডলার।

শুধু অশোধিত তেল নয়, চড়া দামের প্রভাব পড়েছে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যেও। এপ্রিল-অক্টোবরে এলএনজি আমদানির পরিমাণ ৭.৪ শতাংশ বাড়লেও খরচ ৩৫.৮ শতাংশ বেড়ে ১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুদ্ধের জেরে এলপিজি-র মতো পণ্যের জোগান কমায় পেট্রোলিয়াম পণ্য আমদানির পরিমাণ প্রায় অর্ধেক হয়ে ১৫.১ মিলিয়ন টনে নেমে এসেছে, তবে চড়া দামের কারণে খরচ কমেছে মাত্র ২৫ শতাংশ অর্থাৎ ৯.৯ বিলিয়ন ডলার। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গিয়ে পেট্রোলিয়াম পণ্য রফতানির পরিমাণ ১৩.৫ শতাংশ কমালেও, আন্তর্জাতিক বাজারে বেশি দাম পাওয়ায় রফতানি আয় ৪৭ শতাংশ বেড়ে ৩৪.১ বিলিয়ন ডলার হয়েছে। সব মিলিয়ে, রফতানি বাদ দিয়ে ভারতের নিট তেল ও গ্যাস আমদানির খরচ ৩৯ শতাংশ বেড়ে ৯৭.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

নিজেদের চাহিদার ৮৮ শতাংশেরও বেশি অশোধিত তেল এবং প্রায় অর্ধেক প্রাকৃতিক গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। ফলে জোগান নিশ্চিত করতে চড়া দামেও তেল-গ্যাস কিনতে বাধ্য হচ্ছে নয়াদিল্লি। অর্থনীতিবিদদের মতে, আমদানির এই বিপুল খরচ দেশের বাণিজ্য ঘাটতি, টাকার বিনিময় মূল্য এবং মুদ্রাস্ফীতির ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। সরকারি তথ্য বলছে, অক্টোবরে পাইকারি বাজারে জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি বেড়ে ৩২.৮ শতাংশে পৌঁছেছে।

আন্তর্জাতিক সংস্থা নমুরার এক রিপোর্ট অনুযায়ী, তেলের চড়া দামের জেরে এশিয়ার যে তিনটি দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ঝুঁকির মুখে, ভারত তার মধ্যে অন্যতম। প্রতি ব্যারেলে তেলের দাম মাত্র ১ ডলার বাড়লে ভারতের বার্ষিক আমদানি খরচ প্রায় ২০০ কোটি ডলার বেড়ে যায়, আর তেলের দাম ১০ শতাংশ বাড়লে দেশের চলতি খাতে ঘাটতি জিডিপি-র ০.৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের ফলে দেশে পেট্রল, ডিজেল বা বিমানের জ্বালানির ঘাটতি হতে দেয়নি সরকার, তবে গৃহস্থালি ও জরুরি ক্ষেত্রে গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে যুদ্ধের শুরুর দিকে কিছু শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সরবরাহে নিয়ন্ত্রণ আনতে হয়েছিল।