রসগোল্লা ভেবে মুখে পুরলেন দেশি বোমা! কামড় দিতেই ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তে প্রাণ গেল যুবকের

মিষ্টি ভেবে দেশি বোমায় কামড়! মুখের ভিতরে ভয়াবহ বিস্ফোরণের জেরে বেঘোরে প্রাণ হারালেন এক যুবক। মধ্যপ্রদেশের ডিন্ডৌরী জেলার কোতোয়ালি থানার পড়রিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে এই বীভৎস ঘটনাটি ঘটে। থানা থেকে মাত্র কয়েক হাত দূরে এমন লোমহর্ষক কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি রাজেন্দ্র বরোতিয়া মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হয় রাম ভগৎ বরোতিয়া। দু’জনের মধ্যে কথাবার্তা চলার সময়, রাম ভগৎ একটি দেশি বোমাকে বাংলার জনপ্রিয় ‘রসগোল্লা’ বলে রাজেন্দ্রর হাতে তুলে দেয়। বাড়িতে অন্ধকার থাকায় বস্তুটি আসল রসগোল্লা নাকি বিস্ফোরক, তা বুঝতে পারেননি রাজেন্দ্র। সরল বিশ্বাসে সেটি মুখে পুরেই কামড় বসানো মাত্রই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।
মৃত রাজেন্দ্রর স্ত্রী সুশীলা বাই জানান, পশুপাখি শিকার করার জন্যই মূলত ওই ধরনের দেশি বোমা তৈরি করা হয়েছিল। বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সাহায্য নিয়ে রক্তাক্ত অবস্থায় রাজেন্দ্রকে একটি অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্গাপ্রসাদ নাগপুরে জানিয়েছেন, প্রধান অভিযুক্ত রাম ভগৎ এবং তাকে ওই বোমা সরবরাহকারী অন্য এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজেন্দ্র এবং রাম ভগতের মধ্যে পুরানো কোনও শত্রুতা ছিল কি না, নাকি নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং বিস্ফোরক আইনে অনিচ্ছাকৃত হত্যার মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের পর যুবকের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে শোকস্তব্ধ পরিবার।