এবার বড় পর্দায় সোনিয়া গান্ধীর জীবন! আত্মজীবনী নিয়ে তৈরি হচ্ছে মেগা ছবি, অনুদানের অঙ্ক শুনলে চমকে উঠবেন!

প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বর্ণময় জীবন এবং রাজনৈতিক সংগ্রামের অজানা কাহিনি এবার উঠে আসতে চলেছে রুপোলি পর্দায়। সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর ওপর ভিত্তি করে একটি তেলুগু পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের বড়সড় ঘোষণা করেছে কংগ্রেস।
বৃহস্পতিবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে দলীয় কর্মীদের এক সভায় এই বিশেষ প্রকল্পের কথা প্রকাশ্যে আনেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি জগ্গা রেড্ডি। ছবিটি নির্মাণের জন্য তিনি দলীয় নেতা ও কর্মীদের কাছে অর্থ সাহায্যের আবেদন জানান এবং প্রাথমিক কাজ শুরু করার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে সাঙ্গারেড্ডি কেন্দ্রের কংগ্রেস আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু ইতিমধ্যেই এই ছবির জন্য ২ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কীভাবে এগোবে ছবির কাজ? ছবিটির প্রযোজনার প্রাথমিক কাজ তদারকি করার জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি, যার তত্ত্বাবধানে থাকবেন গান্ধী ভবনের জনসংযোগ আধিকারিক হরিপ্রসাদ। কর্মীদের উৎসাহিত করে রেড্ডি বলেন, নির্বাচনের সময় কর্মীরা যেভাবে অর্থ ব্যয় করেন, এই ছবিটিকেও তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখে বাজেট জোগাড় করতে হবে এবং একজন দক্ষ পরিচালক নির্বাচন করতে হবে।
প্রাথমিক প্রস্তুতি শেষ হলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে ছবির শুটিং শুরু করা হবে। পাশাপাশি, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক যাত্রা সম্পর্কে দলীয় কর্মীদের আরও ভালোভাবে অবগত করতে তাঁর আত্মজীবনীর কপি কিনে কর্মীদের মধ্যে বিলি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী কী থাকছে এই বায়োপিকে? জগ্গা রেড্ডির কথায়, প্রস্তাবিত এই চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিখুঁতভাবে তুলে ধরা হবে। গান্ধী পরিবারের বধূ হয়ে আসা থেকে শুরু করে ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার দীর্ঘ পথচলা দেখা যাবে এই ছবিতে।
ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তাঁর ভূমিকার পাশাপাশি ইন্দিরা ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পরের চরম কঠিন দিনগুলোর কথাও ছবিতে জায়গা পাবে। কীভাবে তিনি একা হাতে সন্তানদের বড় করার পাশাপাশি দলের গুরুদায়িত্ব সামলেছেন এবং বৈচিত্র্যময় এই দেশে নিজের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন, সেই সংগ্রামের গল্পই পর্দায় ফুটিয়ে তোলা হবে।