যুদ্ধের রণক্ষেত্র থেকে ফিরল ৫টি বিমান, ১৬০০ ভারতীয়কে নিয়ে দোহার আকাশ চিরে ভারতের পথে!

পশ্চিম এশিয়ায় ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির মাঝেই কাতার থেকে নিরাপদে দেশে ফিরলেন ১,৬০০ জন ভারতীয়। মঙ্গলবার কাতার এয়ারওয়েজের পাঁচটি বিশেষ বিমানে চেপে তাঁরা দিল্লি, মুম্বই, কোচি ও তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে রওনা দেন। কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, আকাশসীমা কার্যত অবরুদ্ধ থাকলেও বিশেষ অনুমতি নিয়ে এই বিমানগুলি চালানো হয়েছে। বুধবার থেকে ভারতের ৯টি গন্তব্যে নিয়মিত বিশেষ উড়ান চালু করছে কাতার এয়ারওয়েজ।
যাঁরা স্থলপথে সৌদি আরব হয়ে ফিরতে চাইছেন, তাঁদের জন্য জরুরি ভিত্তিতে ‘ট্রানজিট ভিসা’র ব্যবস্থা করছে দূতাবাস। প্রবাসীদের সহায়তায় ২৪ ঘণ্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। এরই মধ্যে হরমুজ প্রণালীতে বিদেশি সামরিক জোটে শামিল হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন, ভারত কোনো বিদেশি নৌ-জোটে যোগ দিচ্ছে না; বরং নিজস্ব রণতরী মোতায়েন করে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে। ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরেই সমুদ্রপথে জাহাজ চলাচলের বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে বলে দাবি দিল্লির। ভারতের স্পষ্ট বার্তা— কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়, বরং কূটনীতির মাধ্যমেই এই যুদ্ধ পরিস্থিতির সমাধান হওয়া প্রয়োজন।