যন্তর মন্তর কাণ্ডে নজিরবিহীন সংঘাত! আদালতের অবমাননা করে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধে আইনি কোপে হাইপ্রোফাইল কর্তারা!

রাজধানীর যন্তর মন্তরে আয়োজিত একটি রাজনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গণপরিবহণ ব্যবস্থার ওপর আরোপ করা কঠোর বিধিনিষেধ এবং মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে আইনি লড়াই চরমে উঠেছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশ অমান্য করে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার মতো একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছে এক আইনজীবী। এই নজিরবিহীন ঘটনার জেরে এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আদালত অবমাননার (Contempt of Court) আবেদন দায়ের করা হয়েছে।
আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী এই মর্মে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এর আগে গত ৯ অক্টোবর শীর্ষ আদালত দেশের জনজীবন বা গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ বা অবরুদ্ধ করে দেওয়ার বিরুদ্ধে অত্যন্ত কড়া ও স্পষ্ট অবস্থান নিয়েছিল। আদালতের সেই নির্দেশকে সম্পূর্ণ উপেক্ষা করেই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ৪৫টি গুরুত্বপূর্ণ স্টেশনের গেট বন্ধ রাখার ঘোষণা করেছে, যা সরাসরি বিচারব্যবস্থার অবমাননার শামিল।
এই অভিযোগে দেশের তিন হেভিওয়েট ও শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তাকে বিবাদী করা হয়েছে। আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার এবং ডিএমআরসি-র চেয়ারপার্সন ডি তারা-র বিরুদ্ধে আদালত অবমাননার কড়া আইনি পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। একদিকে যখন রাজনৈতিক উত্তাপ এবং বিক্ষোভের জেরে রাজধানী কার্যত অবরুদ্ধ, ঠিক তখনই প্রশাসনের এই শীর্ষস্তরীয় কর্তাদের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের হওয়ায় জাতীয় রাজনীতি ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন সুপ্রিম কোর্ট এই অভিযোগে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে সমস্ত মহল।