ম্যান্ডারিন থেকে আরবি! ইংরেজি জানা ব্যক্তিদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন ১০টি ভাষা কোনগুলি?

নতুন ভাষা শেখার অভিজ্ঞতা বরাবরই রোমাঞ্চকর, কিন্তু কিছু ভাষা আয়ত্ত করা যেন এক অসম্ভব তপস্যা। বিশেষ করে যারা ইংরেজিতে কথা বলেন, তাদের জন্য নির্দিষ্ট কিছু ভাষা শেখা রীতিমতো পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। জটিল ব্যাকরণ, অদ্ভুত লিপি, আঞ্চলিক টোন এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্য এই ভাষাগুলিকে আরও বেশি কঠিন করে তোলে। ইংরেজি ভাষাভাষীদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন ও দুর্বোধ্য ১০টি ভাষার তালিকা সম্প্রতি সামনে এসেছে, যা শিখতে গিয়ে বিশেষজ্ঞদেরও ঘাম ছুটে যায়।
তালিকায় সবার ওপরে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ ও আরবি। ম্যান্ডারিন একটি সম্পূর্ণ টোনাল ভাষা, যেখানে সামান্য উচ্চারণের হেরফেরে শব্দের অর্থ পুরোপুরি বদলে যায়। হাজার হাজার জটিল অক্ষর ও প্রবাদের কারণে এটি শেখা অত্যন্ত কষ্টসাধ্য। অন্যদিকে, আরবি ভাষা ডান দিক থেকে বাম দিকে লেখা হয় এবং অঞ্চলভেদে এর নানা বৈচিত্র্য রয়েছে। শব্দের অবস্থানের ওপর ভিত্তি করে অক্ষরের রূপ পরিবর্তন হওয়ায় মডার্ন স্ট্যান্ডার্ড আরবি শেখাও বেশ জটিল।
এরপর রয়েছে জাপানি ও হাঙ্গেরিয়ান ভাষা। জাপানি ভাষায় হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জি—এই তিন ধরনের জটিল লিখন পদ্ধতি রয়েছে, যা মনে রাখতে দীর্ঘ সময় লাগে। পাশাপাশি এর সম্মানসূচক শব্দগুলির ব্যবহারও বেশ আলাদা। হাঙ্গেরিয়ান ভাষা আবার শব্দের ক্রমের পরিবর্তে কেস সাফিক্সের ওপর নির্ভর করে, যেখানে অদ্ভুত শব্দ ও প্রচুর স্বরবর্ণ একে কঠিন করে তুলেছে।
কোরিয়ান ও ফিনিশ ভাষাও তালিকার অন্যতম কঠিন দুই সংযোজন। কোরিয়ান ভাষার বাক্য গঠন ভিন্ন প্রকৃতির এবং এটি একটি ল্যাঙ্গুয়েজ আইসোলেট। এর সম্মানসূচক শব্দ ও একই রকম শুনতে লাগা শব্দগুলি শিক্ষার্থীদের প্রায়শই বিভ্রান্ত করে। অন্যদিকে, ফিনিশ ভাষায় কোনো ভবিষ্যৎ কাল বা ফিউচার টেন্স নেই, তবে প্রায় ১৫ ধরনের গ্রামাটিক্যাল কেস রয়েছে। বাস্ক এবং নাভাহো ভাষাগুলি তাদের বিচ্ছিন্ন প্রকৃতি ও বিরল শব্দভাণ্ডারের জন্য আলাদা পরিচিতি বজায় রেখেছে। নাভাহো ভাষায় বর্ণনামূলক ক্রিয়াপদের আধিক্য দেখা যায়।
সবশেষে, আইসল্যান্ডিক এবং পোলিশ ভাষাও বিশ্বের অন্যতম কঠিন ভাষার তালিকায় জায়গা করে নিয়েছে। পোলিশ ভাষার জটিল উচ্চারণ এবং কঠিন ব্যাকরণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তোলে। অন্যদিকে, আইসল্যান্ডিক ভাষা তার প্রাচীন শিকড় এবং বিরল শব্দভাণ্ডার আজও শক্তভাবে ধরে রেখেছে। এই সমস্ত ভাষার জটিল গঠনশৈলী এবং বৈচিত্র্যময় রূপই এগুলিকে বিশ্বজুড়ে ভাষা শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।