মেয়ের বিয়ের ২৫ হাজার টাকার ঋণে সাড়ে চার একর জমি কেড়ে নেয় মহাজন! ৩০ বছর পর কী চমক ঘটল লাতুরে?

মেয়ের বিয়ের খরচ জোগাতে প্রায় তিন দশক আগে এক মহাজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই সামান্য ঋণের জেরে হাতছাড়া হয়েছিল সাড়ে চার একর জমি। দীর্ঘ আইনি ও প্রশাসনিক লড়াই শেষে অবশেষে নিজের সেই জমি ফিরে পেলেন মহারাষ্ট্রের লাতুর জেলার এক মহিলা। শুক্রবার প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার জেলা সফরে এসে মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা নিজে চাকুর তহসিলের কালকুটি গ্রামের বাসিন্দা মুণ্ডুবাই ইরাপ্পা দাভরের হাতে জমির গুরুত্বপূর্ণ নথি ‘৭/১২ (সাতবারা) এক্সট্র্যাক্ট’ এবং অন্যান্য কাগজপত্র তুলে দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই-কে মুণ্ডুবাই জানিয়েছেন, মেয়ের বিয়ের খরচ মেটানোর জন্য তিনি নিজের সাড়ে চার একর জমি বন্ধক রেখে এক বেসরকারি মহাজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তাঁর অভিযোগ, ফসল ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়ে ওই মহাজন প্রথমে জমিটির দখল নেন এবং পরে ভুয়ো সাক্ষী দিয়ে জমিটি নিজের নামে লিখিয়ে নেন।
পরবর্তীতে জমি ফেরত পাওয়ার আশায় মহাজনের কাছে গিয়েছিলেন মুণ্ডুবাই। তাঁর কথায়, “আমি যখন আড়াই লক্ষ টাকা ফেরত দিয়ে আমার জমি ফিরিয়ে দিতে বললাম, উনি সাফ মানা করে দেন। জানান, সুদ-আসলে বকেয়ার অঙ্ক ১০ লক্ষ টাকায় পৌঁছেছে। অত বিপুল পরিমাণ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না।”
মুণ্ডুবাই জানান, পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা আর্থিকভাবে পাশে দাঁড়ানোয় তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সাহস পান। এরপরই তৎপর হয় প্রশাসন। বিনা খরচেই তাঁকে জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। মুণ্ডুবাইয়ের কথায়, “জেলাশাসক আমাকে খুব সাহায্য করেছেন। কোনও টাকা ছাড়াই তাঁরা আমার জমি মুক্ত করে দিয়েছেন। রাজ্যপাল নিজে আমার হাতে ৭/১২ নথি তুলে দিয়েছেন।”
শেলগাঁওয়ের সার্কেল অফিসার মহেশ হিপ্পার্গে জানান, ১৯৯৫ সালে ওই ২৫ হাজার টাকা ঋণের বিপরীতে মহিলাটির পরিবার একটি বিক্রয় দলিল (সেল ডিড) সম্পাদন করেছিল বলে অভিযোগ ওঠে। লাতুরের জেলাশাসক ভরত বাস্তওয়াডের নির্দেশ এবং তহসিলদারের অনুমোদনের পর প্রশাসন জমির রেকর্ড সংশোধন করে মুণ্ডুবাই দাভরেকেই প্রকৃত মালিক হিসেবে নথিভুক্ত করেছে।
তিন দশক পর পৈতৃক সম্পত্তি ও চাষের জমি ফিরে পেয়ে লাতুরের জেলাশাসক, পুলিশ সুপার অমল তাম্বে এবং স্থানীয় তহসিলদারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুণ্ডুবাই।