খালি বাড়ি রেকি করে লক্ষাধিক টাকার সোনা ও নগদ লুট! চুরির চক্রে যুক্ত মহিলা সিভিক গ্রেফতার

কলকাতার একটি আবাসন থেকে সোনার গয়না এবং নগদ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন মহিলা সিভিক ভলান্টিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা সিভিকের নাম প্রিয়াঙ্কা পাঁজা ওরফে চুমকি পাঁজা। তিনি কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন বলে খবর। লালবাজার সূত্রের খবর, বর্তমানে তিনি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে কর্মরত ছিলেন।

এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “কসবা এলাকায় একটি চুরির ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে, তাঁদের সন্ধান পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।”

লালবাজার সূত্রের খবর, চলতি সপ্তাহে কসবা থানার আওতাধীন অভিজাত আবাসনে লক্ষাধিক টাকার সোনার গয়না এবং নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রাস্তা এবং আবাসনের চারপাশের সিসিটিভি ফুটেজ ভালোভাবে পরীক্ষা করেন। দেখা যায়, চুরির পর অভিযুক্তরা একটি মোটর বাইকে উঠে পালাচ্ছে। ছবিটি আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর দেখা যায় ওই বাইকটি চালাচ্ছিলেন কলকাতা পুলিশের মহিলা সিভিক চুমকি। এরপরেই বাইকের নম্বর প্লেট ভালোভাবে পরীক্ষা করার পর অভিযুক্ত মহিলা সিভিক ভলান্টিয়ারের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। এরপর এদিন তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

লালবাজার সূত্রের খবর, ওই মহিলা সিভিককে গ্রেফতারির পর প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন কাজের ফাঁকে এই মহিলা সিভিক মাঝে মধ্যেই তাঁর একাধিক বন্ধুর সঙ্গে মোটরবাইকে ঘুরতেন। এমনকী এলাকায় কোনও বাড়ি খালি আছে কি না, তাও রীতিমতো নজরদারি চালাতেন তাঁরা। এরপর খালি বাড়িগুলিতে চুরি করার জন্য টার্গেট করতেন ওই মহিলা সিভিক। পুলিশের প্রাথমিক অনুমান, এই মহিলার সঙ্গে পেশাদার বেশ কয়েকজন চোরের একটি নেটওয়ার্ক থাকলেও থাকতে পারে।