মেয়াদ ফুরিয়েছে কি না আর ধোঁয়াশায় থাকতে হবে না! ই-কমার্স সংস্থাকে ডেডলাইন বেঁধে দিল FSSAI

সরাসরি বাজারে গিয়ে মুদিপণ্য বা প্যাকেটজাত খাবার কেনার সময় মেয়াদ শেষ হওয়ার তারিখ বা এক্সপায়ারি ডেট যাচাই করার সুযোগ থাকে ক্রেতাদের কাছে। কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করলে এতদিন সেই তথ্য নিয়ে ধোঁয়াশা থেকেই যেত। এবার সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)। কুইক কমার্স ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলির জন্য নতুন ও কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।

FSSAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে খাবার বা প্যাকেটজাত পণ্য বিক্রির আগে তার লেবেল এবং এক্সপায়ারি ডেট স্পষ্টভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক। এই নিয়ম কার্যকর করার জন্য প্ল্যাটফর্মগুলিকে আগামী ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও দোকানে গিয়ে পণ্য যাচাই করার মতো স্বচ্ছতা বজায় রাখতে হবে সমস্ত সংস্থাকে।

শুধু তাই নয়, খাদ্য নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ই-কমার্স সংস্থাগুলি নিজেদের কেবল ‘মধ্যস্থতাকারী’ হিসেবে দাবি করে এই দায় এড়াতে পারবে না। প্ল্যাটফর্মে যে সমস্ত খাদ্যপণ্য বিক্রি বা তালিকাভুক্ত করা হচ্ছে, সেগুলির সঠিক তথ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সম্পূর্ণ দায়িত্ব ওই সংস্থাগুলির ওপরই বর্তায়। গত এক বছরে খাদ্যে ভেজাল ও মান নিয়ন্ত্রণের অভিযোগে প্রায় ৩৩ হাজার আইনি পদক্ষেপ করেছে FSSAI। নতুন এই নিয়ম চালু হলে অনলাইন ক্রেতাদের সুরক্ষা আরও সুনিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।

Aditi Banik
  • Aditi Banik