‘মেড ইন পাকিস্তান’ ই-রিকশায় চড়েছেন মোদী? ভারতের গাড়িকে নিজেদের বলে দাবি করে লজ্জায় পাকিস্তান

সন্ত্রাস রফতানির জন্য বিশ্বজুড়ে দুর্নাম কুড়ানো পাকিস্তান এবার ই-রিকশা রফতানির দাবি তুলে নিজেই চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ল! সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলনের একটি ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র শ্লেষ ও হাস্যরস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বিশেষভাবে সজ্জিত তিন চাকার বাহনে চড়তে দেখে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দাবি করতে শুরু করে যে, সেটি নাকি ‘মেড ইন পাকিস্তান’ ই-রিকশা! কিন্তু শেষ পর্যন্ত সত্য সামনে আসতেই পলকে ধুলিস্যাৎ হয়ে যায় পাকিস্তানের এই অপপ্রচার।

আসলে কী ঘটেছিল ম্যানিলায়?

গত মঙ্গলবার ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এক নৈশভোজে যোগ দিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বেশ কয়েকজন বিশ্বনেতা। ফিলিপিন্সের বিখ্যাত গণপরিবহন ‘জিপনি’ (Jeepney)-র আদলে তৈরি রঙিন ও বিশেষভাবে সজ্জিত তিন চাকার বাহনে চড়েই আসরে হাজির হন তাঁরা। সম্মেলনের আয়োজক দেশই এই বিশেষ যানের ব্যবস্থা করেছিল।

এই ভিডিও ভাইরাল হতেই মাঠে নামে পাকিস্তানের কিছু প্রোপাগান্ডামূলক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। লাহোর-ভিত্তিক সাংবাদিক হাম্মাদ হাসান এক্স (তৎকালীন টুইটার)-এ ট্যুইট করেন, ‘নরেন্দ্র মোদী আসিয়ান সম্মেলনে একটি পাকিস্তানি-নির্মিত ই-রিকশায় চড়েছেন।’ মুহূর্তের মধ্যে আরও বেশ কিছু পাকিস্তানি হ্যান্ডেল এই ভুয়া দাবি ছড়িয়ে দিতে শুরু করে।

পাকিস্তানের দাবির উৎস ও আসল সত্য

পাকিস্তানের এমন দাবির পেছনে একটি খাস কারণও ছিল। গত মাসেই পাকিস্তানের তিন চাকার যান প্রস্তুতকারক সংস্থা ‘সাজাগর’ ফিলিপিন্সের লাগুনায় তাদের প্রথম বিদেশি উৎপাদন কেন্দ্র চালু করেছিল। সেই ধারণাকে পুঁজি করেই তারা এই প্রচার শুরু করে।

কিন্তু ক্লোজ-আপ ভিডিও এবং আসল তথ্য সামনে আসতেই সব জালিয়াতি ধরা পড়ে যায়। বিশ্বনেতাদের বহনকারী ওই বিশেষ তিন চাকার যানগুলো আসলে ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল সংস্থা ‘বাজাজ অটো’ (Bajaj Auto)-র তৈরি। গাড়িগুলোর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে স্পষ্টভাবে ‘বাজাজ’-এর লোগো জ্বলজ্বল করছিল। উল্লেখ্য, ২০১৫ সাল থেকেই ফিলিপিন্সের বাজারে অত্যন্ত জনপ্রিয় বাজাজ। সেখানে তাদের একাধিক অ্যাসেম্বলি ইউনিট ও ডিলারদের বিশাল নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে ৭০টিরও বেশি দেশে নিজেদের যানবাহন রফতানি করে ভারতীয় এই সংস্থাটি।

সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের মুখে পাকিস্তান

পাকিস্তান হ্যান্ডেলগুলোর এই মিথ্যা দাবি ধরা পড়ার পর ভারতীয় নেটিজেনরা তাদের উপযুক্ত
জবাব দিয়ে ট্রোল করতে শুরু করেন।

এক ইউজার কটাক্ষ করে লেখেন, ‘ভাবুন তো, কেউ ভারতের কৃতিত্ব নিজের বলে দাবি করতে এতটাই মরিয়া যে একটি তিন চাকার গাড়িকে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। ভারত তৈরি করল, আর পাকিস্তান সেটিকে ভুলভাবে উপস্থাপন করল।’ অপর একজন লিখেছেন, ‘বাজাজ অটো হলো পুরোপুরি “মেড ইন ইন্ডিয়া”, যা পুরো পাকিস্তানকে বিশ্ববাসীর সামনে হাস্যস্পদ করে তুলেছে।’

প্রোপাগান্ডায় সিদ্ধহস্ত পাকিস্তানের পক্ষে যে ভারতের এই অর্থনৈতিক ও প্রযুক্তিগত সাফল্য হজম করা কঠিন, তা এই ঘটনা ফের প্রমাণ করে দিল। আর সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাইয়ের যুগে এই ধরনের অপপ্রচার যে পলকেই ভেস্তে যায়, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ।