মেঝের বারোটা না বাজিয়েই তুলুন দীপাবলির স্টিকার রঙ্গোলি! রইল আঠা তোলার ৫ সহজ ঘরোয়া কৌশল

রঙবেরঙের রঙ্গোলির ছোঁয়ায় দীপাবলির উৎসব হয়ে ওঠে আরও উজ্জ্বল ও আনন্দময়। তাই রঙ্গোলি ছাড়া দীপাবলি উৎসব যেন এক কথায় অসম্পূর্ণ। কিন্তু বর্তমানের ব্যস্ত জীবনে অনেকের কাছেই সময় নিয়ে হাতে রঙ্গোলি আঁকার সুযোগ থাকে না। সময় বাঁচাতে তাই অনেকেই বাজার থেকে বিভিন্ন মনকাড়া ডিজাইনের স্টিকার রঙ্গোলি কিনে এনে মেঝেতে লাগিয়ে নেন। উৎসবের দিনগুলোতে তা ঘরের সৌন্দর্য বাড়ালেও আসল সমস্যা শুরু হয় উৎসব কাটার পর। মেঝের ওপর থেকে এই স্টিকার রঙ্গোলি তুলতে গিয়ে কালঘাম ছোটে অনেকেরই, এমনকি আঠা লেগে মেঝের ক্ষতিও হয়। তবে চিন্তার কিছু নেই! কয়েকটি সহজ ঘরোয়া কৌশল জানা থাকলে কোনো ঝামেলা ছাড়াই মেঝের চকচকে ভাব বজায় রেখে স্টিকার ও তার আঠা তুলে ফেলা সম্ভব।
গরম জল ও ডিশওয়াশ লিকুইড:
স্টিকার তোলার সবচেয়ে সহজ উপায় হলো একটি বাটিতে সামান্য গরম জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা ডিশওয়াশ বা লিকুইড সাবান মিশিয়ে নেওয়া। এবার রঙ্গোলি স্টিকারের ওপর এই মিশ্রণটি ঢেলে বা তুলা দিয়ে ভিজিয়ে কয়েক মিনিট রেখে দিন। এতে স্টিকারের নীচের জেদি আঠা নরম হয়ে যাবে। এরপর প্লাস্টিকের স্ক্র্যাপার বা আঙুলের সাহায্যে আলতো করে তুলে ফেলুন। এটি সব ধরনের মেঝের জন্য সম্পূর্ণ নিরাপদ।
রান্নার তেল বা অলিভ অয়েল:
মেঝেতে কোনো প্রকার আঁচড় না কেটে আঠালো স্টিকার তুলতে তেল দারুণ কাজ করে। অবশিষ্ট স্টিকারের ওপর সামান্য রান্নার তেল বা অলিভ অয়েল লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আঠা নরম হয়ে এলে পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। পরে মেঝের তৈলাক্ত ভাব দূর করতে সাবান জল দিয়ে ধুয়ে নিন।
ভিনিগার ও রাবিং অ্যালকোহল:
একটি কাপড়ে ভিনিগার ভিজিয়ে স্টিকারের ওপর কয়েক মিনিট রেখে মুছে নিলে আঠা উঠে যায়। তবে মার্বেল মেঝের ক্ষতি এড়াতে ভিনিগার ব্যবহার না করাই ভালো। অন্য যেকোনো মেঝে, কাঠ বা টাইলসের ক্ষেত্রে রাবিং অ্যালকোহল খুব দ্রুত ও কার্যকরভাবে আঠা তুলতে সাহায্য করে।
ইরেজারের ব্যবহার:
স্টিকার তোলার পর মেঝেতে সামান্য আঠার দাগ থেকে গেলে সাধারণ রাবার ইরেজার দিয়ে হালকা হাতে ঘষে নিন। এতে মেঝের মসৃণতা নষ্ট না হয়েই দাগ দূর হবে।