ইএম বাইপাসে ৪ বাইকের মারাত্মক রেষারেষি! কালীপুজোর রাতে ছিটকে পড়ে রক্তভেজা পরিণতি তরুণ-তরুণীর

কালীপুজোর রাতে আনন্দের উৎসবের মাঝেই তীব্র হাহাকার ও শোকের ছায়া নামল তিলোত্তমায়। শহর কলকাতার বুকে ঘটে গেল একাধিক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো দুর্ঘটনা। দুরন্ত গতি আর বাইকের বেপরোয়া রেষারেষির বলি হলেন এক তরুণ ও তরুণী। ইএম বাইপাসে মানি স্কয়ার মলের ঠিক উল্টোদিকে এই ভয়াবহ পথদুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর গভীর রাতে চারটি মোটরসাইকেল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে মারাত্মক গতিতে উল্টোডাঙা থেকে চিংড়িঘাঁটার দিকে যাচ্ছিল। মানি স্কয়ারের কাছে পৌঁছাতেই ওভারটেক করার চক্করে একটি বাইক অন্য একটি বাইকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন ওই তরুণ-তরুণী। খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাকি বাইক সওয়ারিরা চম্পট দিয়েছে। ঘাতক বাইক ও বাকিদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে অগ্নিকাণ্ডের জোড়া ঘটনায় আতঙ্ক ছড়ায় শহরে। কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উল্টো দিকের একটি আবাসিক বাড়িতে আচমকাই আগুন লেগে বাড়ির একাংশ ভস্মীভূত হয়ে যায়। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া, সাইলেন্স জোন উড়িয়ে খোদ এনআরএস হাসপাতালের হস্টেলে চিকিৎসক-পড়ুয়াদের বাজি পোড়ানো থেকে রাত ৯টা নাগাদ আগুন লাগে। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।