বাজির তাণ্ডবে একিউআই এক হাজার পার! রাজধানী জুড়ে জরুরি অবস্থা, লাগু কড়া GRAP-3

দীপাবলির পরপরই বিষাক্ত বায়ুদূষণে মারাত্মকভাবে হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এনসিআর এলাকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ও সময়সীমা থাকা সত্ত্বেও রাতভর অঢেল শব্দ ও বাজি ফাটানোর জেরে বাতাস মারাত্মক বিষাক্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনসিআর জুড়ে কড়া ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ বা GRAP-3 লাগু করা হয়েছে। বায়ুদূষণের হাত থেকে শিশুদের বাঁচাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইন ও অফলাইনের সমন্বয়ে ‘হাইব্রিড মোড’ শিক্ষাপদ্ধতি চালুর নির্দেশ এসেছে। অভিভাবকরা ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন।
হিসাব অনুযায়ী, দিল্লির সার্বিক একিউআই (AQI) ৩৭০ অতিক্রম করেছে, যা ভারতীয় মানক অনুযায়ী ‘অতি খারাপ’ শ্রেণির অন্তর্গত। তবে রাত ১টা ৩১ মিনিটে দিল্লির বায়ুদূষণ সূচক রেকর্ড গড়ে সর্বোচ্চ ১,৭৪৪-এ পৌঁছে যায়! শহরের ৭১টি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৯টিতে কাজ চলাকালীন ৪৭টি কেন্দ্রেই মূল দূষণকারী হিসেবে অত্যন্ত ক্ষতিকর PM 2.5 কণা ধরা পড়েছে। ডিটিইউ (৪৩৯), বুরারি ক্রসিং (৪৩৫), বিবেক বিহার (৪২৮) এবং মুন্দকায় (৪২৪) দূষণ মাত্রা ৪০০ ছাড়িয়েছে। আইটিও, দিল্লি বিমানবন্দর ও আইআইটি সংলগ্ন অঞ্চল ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে এসেছে।