মৃত্যুদণ্ড পেতেই নড়েচড়ে বসল মুসকান-সাহিল! ‘ব্লু ড্রাম’ কাণ্ডে সোজা এলাহাবাদ হাইকোর্টে আপিল

মিরাটের আলোচিত ‘ব্লু ড্রাম’ হত্যা মামলায় ফাঁসির সাজা পেয়ে এবার এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুসকান রাস্তোগী ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা। মিরাট জেলা আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ১৬৮ পৃষ্ঠার একটি আপিল দাখিল করেছেন তাঁরা। এই আপিলে বিচারিক আদালতের রায় সম্পূর্ণ খারিজ করে সমস্ত অভিযোগ থেকে খালাস পাওয়ার আবেদন জানানো হয়েছে।

গত ১৪ অক্টোবর মিরাট জেলা আদালত এই চাঞ্চল্যকর মামলায় মুসকান ও সাহিলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা করে জরিমানা করে। এর আগে ৩০ সেপ্টেম্বর আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল। স্বামীর মরদেহ টুকরো করে নীল রঙের প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট-কংক্রিট দিয়ে সিল করার এই নৃশংস ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপিলে বলা হয়েছে, পুরো বিচার প্রক্রিয়াটি শুধুমাত্র পারিপার্শ্বিক সাক্ষ্যের ওপর নির্ভর করে পরিচালিত হয়েছে এবং অস্ত্র, সিমেন্ট ও ড্রাম কেনা সংক্রান্ত সাক্ষীদের বয়ানে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। এছাড়া পুলিশ কোনো উপযুক্ত সিসিটিভি ফুটেজ বা বৈধ রসিদ দেখাতে পারেনি বলেও দাবি করা হয়েছে।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এই আইনি লড়াই এখন এলাহাবাদ হাইকোর্টের বিচারাধীন। তবে আইনজীবীরা বলছেন, হাইকোর্টে আপিল দায়ের করলেই যে নিম্ন আদালতের ফাঁসির আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, এমনটা নয়। সাক্ষ্যপ্রমাণের যুক্তিসঙ্গত পর্যালোচনার পরই আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।